রায়গঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরি হওয়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী বিপাকে পড়েছেন। জানা যায়, প্রায় দুই মাস আগে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় ও উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজসংলগ্ন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। এমনিতে বিদ্যুৎ থাকে না, তার ওপর ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম বলে, ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকে বিদ্যুৎ না থাকায় ফ্যান ঘোরে না, তেমনি কম্পিউটারও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই বিষয়ে পড়ালেখা ব্যাহত হচ্ছে। একই শ্রেণীর সুমাইয়া হক বলে, আগে ক্লাস চলাকালে ফ্যানের বাতাসে ক্লাসরুম ঠান্ডা থাকত। এখন ট্রান্সফরমারের কারণে বিদ্যুৎ না থাকায় খুব কষ্ট করে ক্লাস করতে হয়। ট্রান্সফরমার চুরি হওয়ার পর সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ধানগড়ার ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিতে গেলে তারা জানায়, গ্রাহককে ট্রান্সফরমার কিনে লাগাতে হবে। প্রতিটি ট্রান্সফরমার প্রায় ৪০ হাজার টাকা দাম হওয়ায় এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে। উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার বলেন, ‘এমপিওবিহীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমনিতে মানবেতর জীবন-যাপন করছে। তার ওপর এত টাকা দিয়ে ট্রান্সফরমার কেনা কী করে সম্ভব? তাই কষ্ট হলেও বিদ্যুৎ সংযোগ নেওয়া সম্ভব হচ্ছে না।’ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ মাহমুদ মিয়া বলেন, ট্রান্সফরমার কেনার জন্য টাকা জোগাড়ের চেষ্টা করা হচ্ছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফিরোজ-আল মুজাহিদ বলেন, সমিতির নিয়ম অনুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরমারের টাকা জমা দিলে গ্রাহককে পুনরায় সংযোগ প্রদান করা হবে।