রায়গঞ্জে হাত বাড়ালেই মাদক
রায়গঞ্জের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় মাদকদ্রব্য। গাঁজা, মদ, ফেনসিডিল ও হেরোইন ফেরি করে বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা।উপজেলার বিভিন্ন গুচ্ছগ্রাম ও হাটবাজারের অলিগলিতে মাদকদ্রব্য সেবনের আসর বসে। উঠতি বয়সের তরুণদের পাশাপাশি নানা বয়সী মানুষ এসব আসরে ভিড় জমাচ্ছে। উপজেলার দাসের পাড়ার জাহাঙ্গীর আলম (২৫) জানান, মাদকসেবী আর বিক্রেতাদের দাপটে এলাকায় চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। তারা এতই প্রভাবশালী যে কিছু বললেই জীবন নাশের হুমকি দেয়।নুরুল ইসলাম শেখ (৬০) বলেন, ‘আমাদেরকে এসব আসরে জড়াতে না পারলেও উঠতি বয়সের ছেলেদের জন্য সব সময় ভাবনায় থাকি। প্রশাসনকে বললেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় না।’ বেল্লাল হোসেন জানান, থানায় অভিযোগ দিলে পুলিশ একটু নড়াচড়া করে। দুই থেকে চারদিন বন্ধ থাকলেও আবারও পুরোদমে মাদক ব্যবসা শুরু হয়। স্কুল-কলেজগামী ছাত্ররা মাদক বিক্রেতা ফেরিওয়ালাদের খপ্পরে পড়ে বিপথগামী হচ্ছে।উপজেলার কয়েকটি গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের এলাকায় এসব মাদক সরবরাহের আড়ত গড়ে উঠেছে। প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসায়ীরা দেদারছে মাদকবাণিজ্য করে যাচ্ছেন। কয়েক দফা মাদকবিরোধী অভিযানে ব্রহ্মগাছা, চান্দাইকোনা, ষোলমাইল, নিমগাছী, গুণগাঁতী, ধানগড়াসহ বিভিন্ন এলাকার এ ধরনের প্রায় ১৬টি আখড়া উচ্ছেদ করা হয়। কিন্তু তদারকি না থাকায় আবারও বিভিন্ন এলাকায় অনেক আড্ডাখানায় মাদকবাণিজ্য শুরু হয়েছে বলে এলাকাবাসী জানান। উপজেলার কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি কয়েকটি গুচ্ছগ্রাম তৈরি হয়েছে। এসব গুচ্ছগ্রামে মাদকের আড্ডাখানা ছাড়াও নানা অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। তাঁরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী এসব আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের বসতির ওপর কড়া নজরদারির মাধ্যমে মাদকের আড্ডাখানা উচ্ছেদ করার অনুরোধ জানান।এ ব্যাপারে রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবদুল মালেক জানান, তাঁর কলেজের সামনে একটি গুচ্ছগ্রাম রয়েছে এবং কলেজের পাশে আরও একটি গুচ্ছগ্রাম করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকাবাসীর আপত্তির কথা জানিয়ে স্থানীয় সাংসদের কাছে আবেদন জানালে বিষয়টি তিনি বিবেচনা করে বাতিল করে দেন।উপজেলার ষোলমাইল, পাঙ্গাশীর পুরাতন গোডাউন, চান্দাইকোনা বরফের গলি ও সিনেমা হলের পাশে এবং সিমলায় আলোচিত মাদক ব্যবসায়ী হাসান আলীর বাড়ি নিরাপদ মাদক স্পট। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে গড়ে ওঠা কয়েকটি হোটেলের সামনে, উপজেলা সদর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে, পৌর বাসস্ট্যান্ড, চান্দাইকোনা মাঝিপাড়া, রায়গঞ্জ কারিগরি কলেজের সামনে, ধানগড়ায় হোমিওপ্যাথির এক ডাক্তারের দোকান, উপজেলার বন বিভাগের সামনের সড়কে, নিমগাছী সিনেমা হলের গলি, পুল্লা তাঁতিপাড়া, নিমগাছী বাসস্ট্যান্ডের পেছনে, কলিয়ায়, পশ্চিম আটঘরিয়া, ভুঁইয়াগাঁতী বাজার, রায়গঞ্জ বাজার, ঘুড়কা বাজার, সলঙ্গার মালতিনগর, ঝাঐল নদীর পশ্চিম পাড়ে, সলঙ্গা বাজার, কুঠিবাড়ি, গোজা ২ নম্বর ব্রিজের পাশে, সাহা পাড়া, কুটাগাতীর মল্লিকপাড়া ও মধ্যপাড়া, ভাতহাঁড়িয়া প্রভৃতি জায়গায় মাদকের আড্ডা গড়ে উঠেছে। কয়েক দিন আগে পাঙ্গাশী বাজারে মাদক ব্যবসায়ী ও জুয়াড়ুদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে।সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার নির্বাচিত হওয়ার পর মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে উপজেলার চান্দাইকোনা ও নিমগাছীতে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সমন্বয় কমিটির মিটিংয়ে পুলিশ প্রশাসনকে মাদকের আড্ডাখানা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। তার পরও এলাকায় মাদকের ভয়াবহতা কমেনি বলে জানা যায়।উপজেলার ধানগড়ার সওদাগর, হাসান আলী, মহেশপুরের আল আমিন, ব্রহ্মগাছার সুভাষ ঠাকুর ও বাবলু মাদক সেবনের কারণে মারা যান বলে এলাকাবাসী জানান। এ ছাড়া মানসিক ভারসাম্য হারিয়েছেন অনেকে। ধানগড়ার মেধাবী সিরাজুল ইসলাম মাদকের দংশনে এখন হাত ও পায়ে শেকল পরে ঘুরে বেড়াচ্ছেন।এ ব্যাপারে উপজেলার রায়গঞ্জ ও সলঙ্গা থানার নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, ‘এসব ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের আমরা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দিলেও অল্প দিনেই তারা আবার বের হয়ে আসে।’ তবে আইন বিশেষজ্ঞ একাধিক ব্যক্তি জানান, দুর্বল অভিযোগ আর স্বাক্ষ্যপ্রমাণের অভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলাগুলো আদালতে টেকে না।রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।