রায়গঞ্জে ২৪ শহীদ পরিবারকে মনে রাখেনি কেউ
নীলু তালুকদার শুধু হিন্দু হওয়ার অপরাধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে প্রাণ হারান। পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে ছুটে পালাচ্ছিলেন ১৮ বছরের তরুণ আবুল কালাম আজাদ। কিন্তু নিরাপদ দূরত্বে পৌঁছার আগেই পাকিস্তানি হানাদার বাহিনীর বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর। শুধু নীলু তালুকদার বা আবুল কালাম আজাদ নন, শুধু বাঙালি হওয়ার অপরাধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ধানগড়া, রণতিথা, মহেশপুর, গুণগাঁতী, ঝাপড়া এবং চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীপুর গ্রামের ২৪ জনকে হত্যা করা হয় ১৯৭১ সালে ২৭ নভেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল স্থানীয় রাজাকার কমান্ডার মফিজ উদ্দিন মাওলানা ও আবু বক্কার মৌলভীর সহায়তায় এ হত্যাযজ্ঞ চালায়। সেদিনের কথা বলতে গিয়ে এখনো শিউরে ওঠে প্রাণে বেঁচে যাওয়া এলাকার অনেক মানুষ। এমনই একজন গোলজার হোসেন। তিনি বলেন, ওই দিন এলাকাবাসীকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এলাকা ছেড়ে কিছু মানুষ পালিয়ে বাঁচলেও ঘরবাড়ি, দোকানপাট সব পুড়িয়ে ছাই করে দেয় তারা। বিভিন্ন গ্রাম থেকে ধরে নিয়ে এসে লাইন করে দাঁড় করিয়ে হত্যা করা হয় নিরীহ মানুষজনকে। এসব শহীদ ও তাঁর পরিবারের লোকজন আজও পায়নি কোনো স্বীকৃতি। রাষ্ট্রীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানে তাঁদের ডাকা হয় না। ফলে প্রিয়জন হারিয়ে এসব পরিবারের মানুষ চাপা ক্ষোভ নিয়ে বেঁচে আছে। এ ক্ষোভ ঝরে পড়ে সরাইহাজীপুর গ্রামের শহীদ আবদুল গনি শেখের স্ত্রীর কণ্ঠেও। স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘দ্যাশ স্বাধীনের পর শেখ সাহেব একবার ৫০০ টেহা দিছিলো। হেই পরথম, হেই শ্যাষ। এরপর আর কেউ খোঁজও নেয় নাই।’ শহীদ মহাদেব সাহার ভাই সুকুমার সাহা বলেন, ‘আমরা সরকারের কাছে কিছু চাই না। চাই শুধু একটু স্বীকৃতি। মুক্তিযুদ্ধে আমার ভাই শহীদ হয়েছে। এটা কেউ জানে না। আমি চাই আমার ভাইসহ আরও যাঁরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের কথা নতুন প্রজন্মসহ এলাকার মানুষ জানুক।’ খোঁজ নিয়ে জানা গেছে, ২৭ নভেম্বর উপলক্ষে আজ পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রায়গঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন সংসদে শহীদ এসব মানুষের একটি তালিকাও ছিল বলে জানান তৎকালীন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফিরোজ মাহমুদ তালুকদার। কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদে এ-সংক্রান্ত কোনো তালিকা নেই। মুক্তিযোদ্ধা সংসদের একটি সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর তালিকাটি হারিয়ে যায়। এ বছরও ২৭ নভেম্বর নীরবে পার হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার বলেন, আগামীতে এদিন স্মরণে অনুষ্ঠান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।