রায়গঞ্জের নিমগাছীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় কাল শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে পাল্টাপাল্টি জনসভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কাল নিমগাছী বাজার চত্বরে জনসভা ডাকা হয়। ওই জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি থাকবেন বলে প্রচার করা হয়। অপরদিকে একই দিনে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিমগাছী কলেজ মাঠে জনসভা আহ্বান করে মাইকিং করা হয়। বলা হয়, ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার।এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।এদিকে, এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার প্রথম আলো অনলাইনকে বলেন, পরবর্তী করণীয় ঠিক করতে আজ জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।আর উপজেলা বিএনপির নেতা জাহিদুল ইসলাম জানান, পরবর্তী করণীয় ঠিক করতে বিএনপি নেতারা আলোচনা করছেন। সেই আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কেউ যেন আইন অমান্য না করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।