সুরেশ রায়নার ১০৬, বীরেন্দ্র শেবাগের ৪২ ও রবীন্দ্র জাদেজার ৩৮ রানে শ্রীলঙ্কার সামনে ২৪৬ রানের টার্গেট দিয়েছে ভারত। শ্রীলঙ্কার কুলাসেকেরা ও ওলেগেদারার বিধ্বংসী বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি ভারত।আজ বুধবার শিশিরের কারণে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।প্রথম ওভারের তৃতীয় বলে গম্ভীরকে শুন্য রানে বোল্ড করেন কুলাসেকেরা। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে উইকেটের পিছনে সাঙ্গাকারার ক্যাচে পরিণত করেন ওলেগেদারা। সেখান থেকেই শুরু। এরপর নিজের ২য় ও ইনিংসের চতুর্থ ওভারে ওলেগেদারার বলে সাজঘরে ফেরেন যুবরাজ সিং। তখন তিন ওভার তিন বলে তিন উইকেটে ভারতের রান ১৬। অধিনায়ক ধোনি ও ওপেনার শেবাগ চতুর্থ উইকেটে ৩১ রান করলে মনে হচ্ছিল ভারত বোধ হয় প্রাথমিক ধাক্কাটা সামলে উঠেছে। এসময়ই দলীয় ৪৭ রানে কুলাসেকারার বলে আউট ধোনি। ধোনি করেন ১৯ বলে ১৪ রান। ৪৭ রানের সঙ্গে আর মাত্র ১৩ রান যোগ করে নিজের ৪২ রানেই আউট শেবাগ। ১০ ওভার চার বলে ভারতের রান দাড়ায় ৫ উইকেটে ৬০।এরপর রায়না ও জাদেজা ৬ষ্ট উইকেটে করেন ১০৬ রান। এ জুটি ভারতকে খেলায় ফিরিয়ে আনে। ভারতের রান যখন ১৬৬ তখনই ৬৪ বলে ৩৮ রান করে দিলশানের বলে আউট হন জাদেজা। এরপর রায়নার সেঞ্চুরি ও জহির খানের ৮ বলে ১৬ রান ভারত এ রান গড়তে সাহায্য করে। ১১৫ বলে ১০৬ রান করে ওলেগেদারার বলে আউট হন রায়না। কুলাসেকেরা ১০ ওভারে ৪৮ রানে নেন ৪ উইকেট ও ওলেগেদারা ১০ ওভারে ৫৩ রানে নেন ৩ তিন উইকেট।মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ টেলিভিশন, নিও স্পোর্টস এবং সুপার স্পোর্ট ফাইভ চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করছে।