রায়পুর থানায় নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে থানাহাজতে গতকাল বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদিন (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।এ ঘটনাকে কেন্দ্র করে শতাধিক বিক্ষুব্ধ রিকশাচালক প্রায় দুই ঘণ্টা রায়পুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় আহত হন পুলিশের আট সদস্য।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চরপাতা গ্রামের জয়নাল আবেদিনের বিরুদ্ধে গত রোববার আদালতে মামলা করেন তাঁর স্ত্রী পারুল বেগম। যৌতুক দাবির অভিযোগে ওই মামলায় আদালত ওই দিনই জয়নালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত বুধবার রাতে রায়পুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গতকাল সকালে পুলিশ তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, জয়নাল থানাহাজতের লোহার গ্রিলের সঙ্গে নিজের পরনের গেঞ্জি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।নিহত জয়নালের ভাই তছলিম উদ্দিন অভিযোগ করেন, ‘দারোগা আজাদ (উপপরিদর্শক আবুল কালাম আজাদ) জয়নালকে গ্রেপ্তার করে মারতে মারতে থানায় নিয়ে যান। থানায় নিয়েও তাঁকে মারধর করা হয়। এতে তাঁর হাত-পা ভেঙে গেছে। পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।’রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমদাদুল হক জানান, জয়নালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর গলায় জখমের চিহ্ন ছিল।তবে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারের পর রাত একটার দিকে জয়নালকে থানা হাজতে নিয়ে রেখে এসেছিলাম। পরে সকালে জানতে পারি তিনি আত্মহত্যা করেছেন।’জয়নালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শতাধিক রিকশাচালক সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের লক্ষ্মীপুর-রায়পুর সড়ক অবরোধ করেন। সড়কের ওপর রিকশা ফেলে তাঁরা প্রতিবাদ জানান এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে রায়পুর থানায় হামলা চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা আল মামুন, শরিফ হোসেন ও মো. সিরাজ মিয়া এবং কনস্টেবল তৌহিদুল ইসলামসহ আট পুলিশ সদস্য আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে হাজতে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। রায়পুর থানার এসআই শামছুল হক বাদী হয়ে এ মামলা করেন।জানতে চাইলে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, থানা হাজতে জয়নালকে নির্যাতন করা হয়নি। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।