রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে এক মাসে শতাধিক ছাত্রী অসুস্থ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার ক্লাস চলাকালে হঠাত্ ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে বিদ্যালয়টিতে গত এক মাসে শতাধিক ছাত্রী অসুস্থ হলো। এ ঘটনার পর বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।অসুস্থ ছাত্রীরা হলো পঞ্চম শ্রেণীর লিমা আক্তার, সাথী আক্তার, জোসনা আক্তার, শাহিনুর আক্তার, চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার, সোনিয়া, রিমা আক্তার, শান্তা ও মিতু ও তৃতীয় শ্রেণীর সুমী আক্তার। তাঁদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক সেরাজুল হক ও আবু ইউসুফ বলেন, ওই বিদ্যালয়ে ৩৮০ জন শিক্ষার্থী রয়েছে। এক মাস ধরে প্রতিদিন কোনো না কোনো শিক্ষার্থী অসুস্থ হচ্ছে। শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, আক্রান্ত শিক্ষার্থীদের প্রথমে প্রচণ্ড মাথাব্যথা হয়। এরপর শরীরে কাঁপুনি ধরে জ্বর ওঠে ও বমি হয়। পরে মুখ থেকে লালা বের হতে থাকে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন, ক্লাস চলাকালীন ছাত্রীরা হঠাত্ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গত মাসের প্রথম সপ্তাহ থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অসুস্থ হলো। এ জন্য আজ থেকে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও লক্ষ্মীপুর (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন চিকিত্সক সালাউদ্দিন শরিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি মার্স ফোবিয়া (ভয়ভীতি) জাতীয় রোগ। একজন অসুস্থ হলে অন্যজন তার দেখাদেখি অসুস্থ হয়। তবে অসুস্থ রোগীকে স্যালাইন দিলে স্বাভাবিক হয়। বেশি অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি করে পানি খাওয়াতে হবে।