রায়হানের পর চলে গেল বোন রজনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের লাগানো আগুনে দগ্ধ ছোট্ট রায়হানের পর গতকাল শুক্রবার সকালে মারা গেছে আট বছরের রজনী আক্তার। রজনীর মা বিলাসী আক্তার এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, বিলাসীর শ্বাসনালি পুড়ে গেছে। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে।গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কমলাপুরে বিলাসী কেরোসিন ছিটিয়ে প্রথমে তাঁর দুই সন্তানের দেহে আগুন দেওয়ার পর নিজের শরীরে আগুন দেন।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, বিলাসীর ভাই সেলিমুজ্জামান বাদী হয়ে তাঁর স্বামী সৈয়দ রাজীব আলী, তাঁর মা-বাবা, ভাই, চাচা ও দ্বিতীয় স্ত্রীসহ ছয়জনকে আসামি করে গতকাল শুক্রবার দুপুরে মতিঝিল থানায় মামলা করেন। মামলায় বলা হয়, যৌতুকের ১০ লাখ টাকা না পেয়ে ও দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় রাজীব তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। এজাহারভুক্ত আসামিরা বিলাসীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। বিলাসীর স্বামী রাজীব আলী এখন কারাগারে।থানায় করা মামলায় বলা হয়, ২০০০ সালের ১৭ নভেম্বর রাজীব আলীর সঙ্গে বিলাসীর বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজীব তাঁর ভাই, মা-বাবা-চাচার প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যদিও বিয়ের সময় বিলাসীর সুখ-শান্তির জন্য রাজীবকে দুই লাখ টাকার স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয়। এরপর রাজীবের লোভ আরও বেড়ে যায়। যৌতুকের জন্য রাজীব বিলাসীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিলাসী সন্তানদের মুখের দিকে চেয়ে সব নির্যাতন নীরবে সহ্য করেন। বিলাসীর অনুমতি ছাড়া রাজীব দ্বিতীয় বিয়ে করে অন্য স্থানে থাকতেন।মামলায় বলা হয়, এজাহারভুক্ত আসামিদের ইন্ধনে রাজীব বিলাসীর ওপর নির্যাতন বাড়িয়ে দেন। এ ব্যাপারে ১০ জুলাই বিলাসী তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় সাধারণ (জিডি) ডায়েরি করেন। এতে রাজীব ক্ষিপ্ত হন। ২৩ জুলাই দুপুরে তিনি বোতলভর্তি কেরোসিন নিয়ে বিলাসীর বাসায় আসেন। বিলাসীকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘তুই আমার বিরুদ্ধে জিডি করেছিস, তোকে ও তোর ছেলেমেয়েকে আগুনে জ্বালাইয়া মারিয়া ফেলিব। তোরা আমার পথের কাঁটা।’ রাজীবের হুমকিতে বিলাসী দিশেহারা হয়ে পড়েন। মামলায় উল্লেখ করা হয়, অত্যাচার ও অপমান সইতে না পেরে শিশু রজনী বাবার উদ্দেশে দেয়ালে লিখে, ‘তুমি আমাদের এত অপমান করছ, আমরা চলে গেলাম।’আগুনে পুড়ে মারা যাওয়া রজনী ও রায়হানের ময়নাতদন্ত গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে। দুটি অবুঝ শিশুর মর্মস্পশী এই মৃত্যুতে মর্গে উপস্থিত লোকজন চোখে পানি ধরে রাখতে পারেনি। গতকাল বিকেলে লাশ দুটি তাদের বাবার গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় নিয়ে যান স্বজনেরা। সেখানেই লাশ দাফন করা হবে বলে জানানো হয়।গতকাল বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে আইসিইউতে ছটফট করছেন মা বিলাসী। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। স্যালাইন চলছে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তিনি বাদী হয়ে বিলাসীর বিরুদ্ধে সন্তান হত্যা ও আত্মহত্যা চেষ্টার অভিযোগে পৃথক মামলা করবেন।