রায়ে খুশি ধর্মভিত্তিক দল ও সংগঠন
ফতোয়া বিষয়ে আপিল বিভাগের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। তাঁরা বলেন, এ রায়ে বিচারব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রমাণিত হয়েছে।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এ রায়কে স্বাগত জানাই। আমরা আগেই বলেছি, ফতোয়া কেউ নিষিদ্ধ করতে পারে না। গ্রাম্য টাউট-বাটপাররা ফতোয়ার অপব্যবহার করেছে। যোগ্য আলেমরাই কেবল ফতোয়া দেওয়ার অধিকার রাখেন, রায়ে তা উল্লেখ করা হয়েছে।’ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি দেশের ইসলামি আন্দোলনের জন্য ঐতিহাসিক বিজয়। এ রায় আমাদের সুদীর্ঘ ১১ বছরের আন্দোলন-সংগ্রামের সুফল।’ তিনি আশা প্রকাশ করেন, সরকার নারীনীতি ও শিক্ষানীতি থেকেও কোরআন-সুন্নাহবিরোধী সব ধারা বাতিল করবে। তিনি প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতিকে ধন্যবাদ জানান।এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল বৃহস্পতিবার বিকেলে লালবাগের জামিয়া আরাবিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলন ডাকেন আমিনী। এ সময় দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল লতিফ নেজামী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ এবং এ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনকারী মুফতি মোহাম্মদ তৈয়ব উপস্থিত ছিলেন।মুফতি তৈয়ব বলেন, ‘দেশের জনগণের কাছে এ রায়ই কাঙ্ক্ষিত ছিল। আমরা সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানাই।’ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, ‘আল্লাহর খাস মেহেরবানি, এ রায় মুসলমানদের প্রত্যাশাকে কবুল করেছেন। আল্লাহ রায় প্রদানকারী বিচারপতি ও ফতোয়ার পক্ষে ভূমিকা নেওয়া আইনজীবীদের দুনিয়ায় এবং আখিরাতে সম্মানিত করুন।’ফতোয়ার বিষয়ে আদালতে বক্তব্য দেওয়া পাঁচ বিশিষ্ট আলেমের অন্যতম মুফতি মীযানুর রহমান সাঈদ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রায়ের এক জায়গায় বলা হয়েছে, ‘কারও অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো ফতোয়া দেওয়া যাবে না।’ এর দ্বারা ইসলামবিরোধীরা ফতোয়ার অপব্যাখ্যা করে ফতোয়ার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে।ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (গবেষণা বিভাগ) মুফতি আবদুল্লাহ আল মারুফ বলেন, আদালত সুবিবেচনাপ্রসূত রায় দিয়েছেন। পাঁচ বিশিষ্ট আলেমের তিনিও একজন।বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জব্বার রায়কে স্বাগত জানিয়ে বলেন, ফতোয়ার বৈধতার রায় বিচারব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রমাণ করেছে। গতকাল বিকেলে বেফাকের কার্যালয়ে ঢাকা মুফতি বোর্ড আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।বৈঠকে ফতোয়ার অপব্যবহার ও গ্রাম্য মাতবরদের সালিসি রায়কে ফতোয়া বলে বাজারজাতের নিন্দা জানানো হয়।