রায়ে রাজনৈতিক উদ্দেশ্যের প্রকাশ ঘটেছে : জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আবুল কালাম আযাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রায়ে জামায়াত ও দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে জড়ানোয় রাজনৈতিক উদ্দেশ্যের প্রকাশ ঘটেছে বলে দাবি করেছে দলটি।রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন।রফিকুল ইসলাম খান বলেন, মাত্র ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণা করা হয়। যুদ্ধাপরাধের বিচারে এত দ্রুততার সঙ্গে এভাবে রায় দেওয়ার নজির দুনিয়ার ইতিহাসে নেই। রফিক বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আইন অনুযায়ী যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর বিষয়েই রায় প্রদান স্বাভাবিক। কিন্তু ব্যক্তির অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীকে টেনে আনা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ রায়ে মুজাহিদকে সম্পৃক্ত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা সংস্থার বক্তব্য না শুনে তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি দাবি করেন, ১৯৭৩ সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হয়েছিল ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচারের জন্য। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ আইন পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার ৪১ বছর পর যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। জাতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ রায় প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।