রায়ে সই করলেন বিচারপতি খায়রুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে সই করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণাকারী বিচারপতি খায়রুল হক বাংলায় তাঁর লেখা ৩৪২ পৃষ্ঠার রায়ে সই করেন। পরে তা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। এখন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল বিভাগের অপর ছয় বিচারপতি রায়ে সই করলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে। এই প্রক্রিয়া চলতি মাসেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানায়। গত বছরের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। সংক্ষিপ্ত আদেশে বলা হয়, সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন, ১৯৯৬ (আইন-১: ১৯৯৬) এখন থেকে বাতিল ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হলো। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করে পরবর্তী দুটি (দশম ও একাদশ সংসদ) নির্বাচন হতে পারে বলেও অভিমত দেন আদালত।যোগাযোগ করা হলে সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন অপর ছয় বিচারপতি রায়ে সই করার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে। বর্তমানে আপিল বিভাগের দুজন বিচারপতি ছুটিতে দেশের বাইরে রয়েছেন। সূত্র জানায়, রায় লেখার পর বিচারপতি খায়রুল হক গত ২৮ মার্চ তা সুপ্রিম কোর্টে জমা দেন। এর ওপর পক্ষে-বিপক্ষে মতামত দেন অপর বিচারপতিরা। মতামতসহ রায়টি গত ১১ সেপ্টেম্বর বিচারপতি খায়রুল হকের কাছে পাঠানো হয়। গতকাল তিনি নীল কাগজে প্রিন্ট নেওয়া ৩৪২ পৃষ্ঠার রায়ে সই করেন। রায়টি এখন প্রধান বিচারপতির স্বাক্ষরের পর পর্যায়ক্রমে আপিল বিভাগের অপর বিচারপতির কাছে যাবে। দেশের বাইরে অবস্থানরত আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মো. ঈমান আলীর চলতি মাসেই ফেরার কথা। গত বছরের ১০ মে ঘোষিত রায়ের সংক্ষিপ্ত আদেশে বলা হয়, দশম ও একাদশ সংসদ নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনে হতে পারে। আইনের বহু পুরোনো নীতি হলো—কোনো কিছু বেআইনি হলেও প্রয়োজনের তাগিদে তা বৈধ হতে পারে। কারণ, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা হচ্ছে সর্বোচ্চ আইন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের রাখার বিধান বাতিলে প্রয়োজনীয় আইন সংশোধনের ক্ষেত্রে সংসদের স্বাধীনতা রয়েছে। তবে ইতিমধ্যেই তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়।প্রসঙ্গত, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ১৯৯৬ সালের ২৮ মার্চ এটা রাষ্ট্রপতির সম্মতি পায়। এর আগে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন এই ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয়েছে। তবে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। বিচারপতি মো. জয়নুল আবেদীন, বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন। রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করা হয়। গত বছরের ১ মার্চ আপিল বিভাগে এর ওপর শুনানি শুরু হয়। আদালতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আট আইনজীবী বক্তব্য নেন। পরে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়।