রায়ে সন্তুষ্ট নিহতদের স্বজন ও সাক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, অতীতেও কোনো যুদ্ধাপরাধী ছিল না’—২০০৭ সালের অক্টোবরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সংলাপ শেষে এমন উক্তি করেছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। ছয় বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিই মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছেন। ওই অপরাধের দায়ে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার সাক্ষী ও একাত্তরে নিহত ব্যক্তিদের স্বজনেরা। প্রতিক্রিয়ায় স্বজনেরা বলেছেন, এ রায়ের মাধ্যমে দেশে-বিদেশে এই সত্যটি প্রতিষ্ঠিত ও প্রমাণিত হলো যে ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে মুজাহিদেরা গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণসহ জঘন্য সব অপরাধ করেছিলেন। গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়ে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে।এর প্রতিক্রিয়ায় শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের মেজো ছেলে ও দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। এখন ১০ ডিসেম্বর রাতের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে আমার মায়ের কথা। তিনি গত ডিসেম্বরে মারা গেছেন। বিচার দেখে যেতে পারলেন না। আমরা শহীদ পরিবারের সন্তানেরা আমাদের হারিয়ে যাওয়া স্বজনদের পাব না। তবে একাত্তরের এই ঘৃণ্য অপরাধীর বিরুদ্ধে রায়ে স্বস্তি পেয়েছি।’ শাহীন রেজা নূর আরও বলেন, মুজাহিদেরা এত দিন দম্ভ করে বলে আসছিলেন, একাত্তরে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাঁরা অপরাধ করেননি। এ রায়ের মাধ্যমে দেশে-বিদেশে এই সত্যটি প্রতিষ্ঠিত ও প্রমাণিত হলো যে ১৯৭১ সালে মুজাহিদেরা বাংলাদেশের মাটিতে গণহত্যা, ধর্ষণসহ জঘন্য সব অপরাধ করেছিলেন। তিনি বলেন, বিচারের জন্য শহীদজায়া ও পরিবারের সদস্যরা যে অন্তর্দাহ দশকের পর দশক বহন করেছেন, তা প্রশমিত হওয়ার ক্ষেত্রে এ রায় ভূমিকা রাখবে। মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী ছিলেন শাহীন রেজা নূর। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার চামেলীবাগের বাসা থেকে তাঁর বাবা দৈনিক ইত্তেফাক-এর তৎকালীন নির্বাহী ও বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ করে নিয়ে হত্যা করে আলবদর বাহিনী। মুজাহিদ ছিলেন আলবদর বাহিনীর প্রধান। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের শুধু নয়, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবি জানিয়ে শাহীন রেজা নূর বলেন, ‘ন্যুরেমবার্গ ট্রায়ালে যুদ্ধাপরাধীদের কেবল নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানা ধরনের অপরাধে জড়িত বিভিন্ন ফ্যাসিবাদী ও জঙ্গি সংগঠনকেও বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে জামায়াত মুক্তিযুদ্ধের সময় যা করেছে, এতে কেন তাদের বিচার হবে না?’ মামলার অপর সাক্ষী জহির উদ্দিন জালাল প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমি খুবই সন্তুষ্ট। তবে রায় কার্যকর হলে আমার সহযোদ্ধা বদি, রুমী, জুয়েল, আজাদ, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদসহ সব শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীর আত্মা শাস্তি পাবে।’ তিনি বলেন, ‘মুজাহিদ দম্ভ করে বলেছিলেন, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। রায়ে প্রমাণিত হলো তাঁদের সব কথা মিথ্যা।’ সব যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার এবং জামায়াত-শিবিরের রাজনীতি দ্রুত নিষিদ্ধসহ তাদের অবৈধ সম্পদ উদ্ধার করে শহীদ পরিবার এবং অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল করে তাতে জমা রাখার আহ্বান জানান তিনি। শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘শুধু আলতাফ মাহমুদ নয়, একাত্তরের ২৯ ও ৩০ আগস্ট শহীদ রুমী, বদি, আজাদ, জুয়েলকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁরা কেউ আর ফিরে আসেননি। ৪২ বছর পর হলেও এই হত্যার বিচার হয়েছে। রায়ে আমরা অবশ্যই খুশি। তবে একটা প্রশ্ন এখন রেখে যাচ্ছি সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তাঁদের কবে, কোথায় হত্যা করা হয়েছিল—এটা অনুসন্ধান করতে থাকলে ভবিষ্যতে তা বের হয়ে আসবে। এটা শহীদ পরিবারে স্বস্তি বয়ে আনবে। কেননা আমরা তাঁদের মৃত্যুর দিনটি এখনো জানতে পারিনি।’ মুজাহিদের মামলার সাক্ষী ও মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের নিরাপত্তাকর্মী রুস্তম আলী বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তাঁরা স্বাধীনতাবিরোধী ছিলেন। দীর্ঘ ৪২ বছর পরে হলেও তাঁদের বিচার হয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে সন্তুষ্ট। আশা করি, দেশের ১৬ কোটি মানুষও সন্তুষ্ট হয়েছে।’মুজাহিদের বিরুদ্ধে করা মামলার সাক্ষী ও যুগান্তর পত্রিকার সহকারী সম্পাদক মাহবুব কামাল প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমি খুশি। অন্যায়ের বিচার পেয়েছি। তবে উল্লসিত নই। কারণ, ধর্মভিত্তিক রাজনীতির মূলোৎপাটন না করতে পারলে দু-চারজনকে ফাঁসি দিয়ে বিশেষ কিছু অর্জিত হবে না।’