রায়ের অর্ধেকটা মেনেছেন বাকিটাও মেনে নিন: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কোনো কিছুই বিরোধী দলের নেতা খালেদা জিয়া আগে মানতে রাজি ছিলেন না। কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের অনেক কিছুই মেনে নিয়ে তিনি আলোচনা করতে রাজি হয়েছেন।সৈয়দ আশরাফ খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে রায়ের অর্ধেকটা মেনে নিয়েছেন বাকিটাও মেনে নিন।আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে শেষ সময় পর্যন্ত বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগ অপেক্ষা করবে। যদি বিএনপি একেবারেই আলোচনা করতে না আসে তাহলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তন হবে। সেই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান লঙ্ঘিত হলে গণতন্ত্র ও আইনের শাসন থাকে না। বিরোধী দল আলোচনায় না এলে রায় অনুযায়ী সংবিধান সংশোধন করার জন্য যা যা দরকার তা করা হবে। সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গঠন করেছিলেন সুপ্রিম কোর্টের রায়ে সেটিকেই অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এ ব্যাপারে নতুন করে আলোচনা করা প্রয়োজন। বিরোধী দলের নেতা এটা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই দেশ ও জাতির জন্য মঙ্গল হবে।