সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধনে তিনটি রায় নিয়ে প্রথম দফা পর্যালোচনা করলেও পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত কমিটি সুপারিশ চূড়ান্ত করবে না। আজ সোমবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সেখানকার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধানের সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত বিশেষ কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।’ কমিটি রায়ের পূর্ণাঙ্গ কপির অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, ২৬ মে রায় পর্যালোচনা করতে ফের বৈঠকে বসবে বিশেষ কমিটি। এরই মধ্যে সুপারিশ প্রতিবেদন তৈরির কাজ চলছে।সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘নবম অধিবেশনেই সংবিধান সংশোধনে কমিটির প্রতিবেদন উত্থাপন করা হবে।’আজ সকালে সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ—এ তিনটি সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় পর্যালোচনা কমিটি বৈঠকে বসে। পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনে এ বিশেষ কমিটি গত বছরের ২১ জুলাই গঠনের পর এ পর্যন্ত ২৪টি বৈঠক করে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামতও নেয় কমিটি।গত বছরের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত চূড়ান্ত রায় দিলে জিয়াউর রহমানের সামরিক শাসন অবৈধ হয়ে যায়। এরপর ২৬ অগাস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সপ্তম সংশোধনীকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। এতে এরশাদের ক্ষমতা দখল এবং তাঁর শাসনকাল অবৈধ হয়ে যায়। সর্বশেষ সুপ্রিম কোর্ট গত বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়।সর্বোচ্চ আদালত আরও বলেছেন, বিদায়ী প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকারপদ্ধতি সংস্কার করতে পারে।