রায়ের কপি পেলেই আসন শূন্য ঘোষণা করবে কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র অবৈধ ঘোষণাসংক্রান্ত আপিল বিভাগের রায়ের অনুলিপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মহীউদ্দীন খান আলমগীরের আসন শূন্য ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর মহীউদ্দীন খানের আইনজীবী জানিয়েছেন, রায়ের অনুলিপি পাওয়া মাত্র তাঁরা রিভিউ পিটিশন করবেন।এ ক্ষেত্রে রায় পুনর্বিবেচনাসংক্রান্ত আপিল বিভাগের ঘোষণার আগেই আসনটি শূন্য হয়ে যাবে। আবার রায় পুনর্বিবেচনার পর মহীউদ্দীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে সে ক্ষেত্রে কমিশন আইনি জটিলতায় পড়তে পারে। ২০০৮ সালের নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন মহীউদ্দীন খান। গত ১৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহীউদ্দীন খানের মনোনয়নপত্র অবৈধসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে এখন আসনটি শূন্য হওয়ার প্রশ্ন সামনে এসেছে। এ বিষয়ে মহীউদ্দীন খানের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর আদালতের আদেশ পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে রিভিউ পিটিশন জমা দেবেন মহীউদ্দীন খান। বিধান অনুযায়ী তার আগে রিভিউ পিটিশন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। দেশের বাইরে থাকায় এ বিষয়ে মহীউদ্দীন খানের মন্তব্য পাওয়া যায়নি।অপরদিকে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি কমিশনে আসার পরপরই চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করা হবে। এরপর বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ওই আসনে নির্বাচন দেওয়া হবে। মহীউদ্দীন খানের রিভিউ পিটিশন সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘তিনি রিভিউ পিটিশন করবেন কি করবেন না, সেটা আমাদের বিষয় নয়। তিনি যদি রিভিউ পিটিশন দিয়ে থাকেন, সে ক্ষেত্রে আপিল বিভাগ তো আর নিজেদের রায়ের ওপর স্থগিতাদেশ দেবেন না। সুতরাং আসন শূন্য ঘোষণা করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না।’কমিশন সচিবালয় সংশ্লিষ্টদের মতে, বিষয়টি যদি এমনই হয়, সে ক্ষেত্রে রিভিউ পিটিশন জমা দেওয়ার পরও মহীউদ্দীন খান আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। তবে আসন শূন্য ঘোষণার পর রিভিউ শেষে আদালত যদি তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, সে ক্ষেত্রে কমিশন আইনি জটিলতায় পড়তে পারে।প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত দুর্নীতি মামলায় ২০০৮ সালে জরুরি বিধিমালার আওতায় মহীউদ্দীন খানের ১৩ বছর সাজা হয়। এ কারণে একই বছরের ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ৮ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তা খারিজ করে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ওই বছরের ১৫ ডিসেম্বর সেটাও খারিজ হয়ে যায়। এরপর তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। যার ওপর ভিত্তি করে মহীউদ্দীন খান নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।মনোনয়নপত্র অবৈধ করাসংক্রান্ত মামলার রায়ের আগেই মহীউদ্দীন খান জরুরি বিধিমালার আওতাধীন দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তাঁকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেন। এরপর দুর্নীতি দমন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ১৫ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে মহীউদ্দীন খান দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পান।