সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ
রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি
সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ মুলতবির আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিলকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছিলেন। জানা যায়, গত বছরের ২৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। ওই সংশোধনীতে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের বৈধতা দেওয়া হয়েছিল। এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত ওই রায় দেন। এ রায়ের কিছু অংশের বিরুদ্ধে সিদ্দিক আহমেদ আপিল করেন। গত ১১ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।