জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন রায় হতে পারে।মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রায় পৌনে তিন বছর পর এই প্রথম কোনো মামলার কার্যক্রম শেষ হলো। এ ছাড়া দুই ট্রাইব্যুনালে আরও আটটি মামলা বিচারাধীন। ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা।ট্রাইব্যুনাল-২-এ পাঁচটি মামলার কার্যক্রম চলছে। এগুলো হলো: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীম ও জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলা। এর মধ্যে কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের দিন ধার্য হয়েছে এবং গোলাম আযমের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।বিচারপতি নিজামুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল বৃহস্পতিবার সাঈদীর মামলায় দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এর মাধ্যমে ঠিক এক বছরের মাথায় মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। তবে তদন্তসহ প্রাক্-বিচার পর্ব শেষ করতে সময় লেগেছে আরও দেড় বছর।গতকাল বিকেল চারটার দিকে যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল বলেন, ‘আজ ৬ ডিসেম্বর। ঠিক এক বছর আগে ৭ ডিসেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। আমরা সব সময় একটি কথা বলি, আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন ঠিকমতো তা পালন করতে পারি। সাক্ষ্য ছাড়া আর কোনো দিকে আমরা তাকাব না। আমাদের ওপর এতটুকু বিশ্বাস রাখেন, আমরা কাগজপত্রের বাইরে যাব না। মামলার রায় সিএভি (কেস অ্যায়োটিং ফর ভারডিক্ট)।’এর আগে বেলা সাড়ে তিনটার দিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করেন। যুক্তি উপস্থাপনের সর্বশেষ নিবেদন উল্লেখ করে তিনি বলেন, ‘সাঈদীকে শুধু রাজনৈতিক কারণে বিচার করা হচ্ছে। রাষ্ট্রপক্ষ মানবতাবিরোধী অপরাধের বিচার করছে না, তারা ব্যক্তির বিচার করছে। এর একমাত্র কারণ, তাঁর দেশজুড়ে জনপ্রিয়তা। আমার বিশ্বাস, বিচারে সাঈদীকে খালাস দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’এরপর মামলার সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে ১৯টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তিনি সাঈদীর সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। অনেক দিন ধরে এই মামলাটি শোনা ও কথা বলার সুযোগ দেওয়ায় ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি তিনি তদন্ত সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও আসামিপক্ষকে ধন্যবাদ জানান।এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সাঈদী কিছু বলার জন্য ট্রাইব্যুনালের কাছে দুই মিনিট সময় প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল অনুমতি দিলে তিনি বলেন, ‘আমি দেলাওয়ার হোসাইন সাঈদী, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে প্রতিটি জেলা-উপজেলায় পরিচিত নাম। তদন্তকারী কর্মকর্তা আমার নাম শিকদার, দেলু, দেইল্লা রাজাকার প্রভৃতি বলে বিকৃত করেছেন; বর্তমান সরকারের দ্বারা প্ররোচিত হয়ে আমার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণ, মানুষ হত্যার মতো অভিযোগ এনেছেন। আমার ওপর অবিচার করা হলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেই অবিচারের বিচার হবে।’এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘আদালত কবে রায় দেবেন, তা আমরা বলতে পারি না। তবে দেশের মানুষ বিজয়ের মাসে এ রায় আশা করে। কারণ, একাত্তরে যে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচারের রায় যদি বিজয়ের মাসে আসে, তা দেশবাসীর জন্য একটি সান্ত্বনা হবে। এর মাধ্যমে এ দেশের মানুষের ৪০ বছরের আন্দোলনের একটি পরিণতি হবে।’মুনতাসীর মামুন আরও বলেন, ‘জামায়াত যা করছে, তা খুব স্বাভাবিক। কারণ, তাদের ঐতিহ্যই দাঙ্গা করা। তারা বিজয়ের মাসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুক্তিযুদ্ধে বিশ্বাসী সব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে। আর তাদের সহযোগিতা করছে বিএনপি। তারা যেভাবে হামলা করছে, তা কোনো দেশের সরকারের পক্ষে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জামায়াতকে প্রতিহত করতে হলে মুক্তিযুদ্ধে বিশ্বাসী সব ব্যক্তি ও প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হতে হবে।’ট্রাইব্যুনালে প্রথম মামলা: ২০১০ সালের ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই বছরের ২১ জুলাই থেকে তদন্ত শুরু হলেও ২ নভেম্বর তাঁকে প্রথম ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রায় ১০ মাস সময় নিয়ে ২০১১ সালের ৩০ মে তদন্ত সংস্থা সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। সেই বছরের ১১ জুলাই রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ১৪ জুলাই ট্রাইব্যুনাল তা আমলে নেন। ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়, ২৭ সেপ্টেম্বর তা শেষ হয়। ৩ অক্টোবর ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন।২০ অভিযোগ: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় সাঈদীর বিরুদ্ধে যে ২০টি অভিযোগ গঠন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে: একাত্তরে পিরোজপুরে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, দেশান্তরে বাধ্য করা, ধর্মান্তরিত করা প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। এ গুলোর মধ্যে রয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদকে হত্যায় পাকিস্তানি সেনাদের সঙ্গে অংশ নেওয়া ও সহযোগিতা করার অভিযোগ। এ ছাড়া একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য পাকিস্তানি সেনাদের গণহত্যায় প্ররোচিত করা এবং তাতে অংশ নেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়। মানবতাবিরোধী অপরাধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার অভিযোগও আছে সাঈদীর বিরুদ্ধে।সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন: গত বছরের ২০ ও ২১ নভেম্বর রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করলেও সাক্ষ্য গ্রহণ শুরু হয় ৭ ডিসেম্বর। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মধ্যে ছিলেন সাংবাদিক আবেদ খান ও পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। ৮ এপ্রিল থেকে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। নয় কার্যদিবসে তাঁর জবানবন্দি শেষ হয়। এরপর শুরু হয় আসামিপক্ষের দীর্ঘ জেরা। ৭ মে থেকে জেরা শুরু হয়ে ৪৮ কার্যদিবস পর ১৩ আগস্ট তা শেষ হয়। আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২ সেপ্টেম্বর। ২৩ অক্টোবর শেষ হওয়ার আগে ১৭ জন সাফাই সাক্ষ্য দেন। ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে, ১৮ নভেম্বর থেকে শুরু করে আসামিপক্ষ। গতকাল এই যুক্তি উপস্থাপন শেষ হলো।