রায়ের দিকগুলো খুঁটিয়ে দেখছেন খালেদার আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়ার বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া নোটিশকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করে বিএনপি। ওই নোটিশের বৈধতা প্রশ্নে করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের দিকগুলো খুঁটিয়ে দেখছেন তাঁর আইনজীবীরা। এরপর তাঁরা আপিলের প্রস্তুতি নেবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।বিএনপির নীতিনির্ধারক সূত্র জানায়, ওই বাড়ি খালেদা জিয়া নিজে নেননি, তাঁকে তৎকালীন রাষ্ট্রপ্রধান দিয়েছেন। হাইকোর্টের রায়ের পর খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন।বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট খারিজ করে হাইকোর্ট ওই রায় দেন ১৩ অক্টোবর। পূর্ণাঙ্গ রায় পাওয়া যায় গত বৃহস্পতিবার। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীদের সঙ্গে গুলশানে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। আইনজীবীরা রায়ের বিভিন্ন দিক সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ ছাড়া তিনি তাঁর আইনজীবী রফিক-উল হক ও টি এইচ খানের সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির বরাদ্দ বাতিল করা হয়—এমন দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও নেই। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে তাদের প্রভুদের প্রকল্প বাস্তবায়নে যারাই বাধা হবে, তাদের নির্মূল করা। তিনি অভিযোগ করেন, সেনানিবাস কিংবা গুলশানের বাড়ি নয়, বিদেশিদের ‘প্রকল্প’ বাস্তবায়নে বড় বাধা বেগম খালেদা জিয়াকে সরকার বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার মোটেই গণতান্ত্রিক আচরণ করছে না। এ ধরনের আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। তিনি বলেন, অকারণেই খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাড়ি ছাড়ার নোটিশের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বিএনপি। দলের আইনজীবীরা করণীয় ঠিক করছেন।দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী রফিকুল ইসলাম মিয়া বলেন, রায়ের দিকগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে। এরপর আপিলের প্রস্তুতি নেওয়া হবে। পাশাপাশি আন্দোলন কর্মসূচি পালন অব্যাহত থাকবে।প্রসঙ্গত, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। ওই বছরের ৭ ও ২৪ মে আবারও তাঁকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করলে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৩ অক্টোবর আদালত রিট আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে ৩০ দিন সময় দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।