রায়ের পরই সংবিধান সংশোধন হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত আপিল বিভাগের দেওয়া রায় সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, আপিল বিভাগ মূলত দুটি বিষয় ছাড়া হাইকোর্টের রায় প্রায় হুবহু বহাল রেখেছেন। ওই দুটি বিষয়ের একটি হচ্ছে নাগরিকত্ব-সংক্রান্ত সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ; যেখানে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন। আর অন্যটি হচ্ছে বিচারপতি নিয়োগ-সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ। এতে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে আদালতের যে রায় আছে, তা অনুসরণ করতে হবে। তাই এ অনুচ্ছেদের কোনো পরিবর্তন করতে হবে না।রায় সম্পর্কে জানতে চাইলে সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক কামাল হোসেন প্রথম আলোর কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।খ্যাতিমান এই আইনবিদ আপিল বিভাগের দেওয়া রায়কে স্বাগত জানিয়ে বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেশের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের যে ব্যত্যয় ঘটানো হয়েছিল, এই রায়ের মাধ্যমে তার নিরসন হয়েছে। এই রায় দেওয়ার মাধ্যমে আদালত সংবিধান সমুন্নত রাখতে অভিভাবকের বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।রায় বাস্তবায়ন প্রসঙ্গে ড. কামাল বলেন, দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার সঙ্গে সঙ্গেই সংবিধানের সংশ্লিষ্ট সংশোধন হয়ে গেছে। এখন সরকার এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করতে পারে। আর এ ক্ষেত্রে যদি কোনো সংশয় থাকে কিংবা কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কাছ থেকে সরকার সে ব্যাখ্যা পেতে পারে। রায় সম্পর্কে যেকোনো সংশয় নিরসনে তাঁরা দুজন সরকারকে সাহায্য করতে পারেন। তিনি বলেন, এ জন্য জাতীয় সংসদে কোনো বিল উত্থাপনের দরকার নেই। সরকার যে বিশেষ কমিটি গঠন করেছে, তার সঙ্গে আদালতের রায় বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই। এই রায় ছাড়া সংবিধানের অন্য কোনো সংশোধনের বিষয় থাকলে বিশেষ কমিটি তা বিবেচনা করতে পারে।কামাল হোসেন বলেন, এই মামলার রায় দেওয়া নিঃসন্দেহে একটি কঠিন কাজ ছিল। হাইকোর্ট তা যথাযথভাবে করেছেন। হাইকোর্টের রায় যে কতটা সঠিক ছিল, আপিল বিভাগের রায়ে তার প্রমাণ মিলেছে। খুঁটিনাটি বিষয়ে আদালত যে বিস্তারিত পর্যবেক্ষণ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ রকম একটি রায় ছাড়া সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য ফিরিয়ে আনা সম্ভব হতো না। ড. কামাল বলেন, বাহাত্তরের ৪ নভেম্বর যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল এবং ওই বছরের ১৬ ডিসেম্বর জাতীয় সংসদ যে সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছিল, তার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, অনেক কাটাছেঁড়া হয়েছে। শেষ পর্যন্ত আদালতের ঐতিহাসিক একটি রায় আবার সেই সংবিধানকে তার মৌলিক বৈশিষ্ট্যে ফিরিয়ে এনে মহিমান্বিত করল। এটা দেশবাসীর জন্য এক বিরাট অর্জন।