রায়ের বিরুদ্ধে অভিযোগ নেই রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ বলেছেন, ‘প্রত্যাশা করেছিলাম, কাদের মোল্লার মৃত্যুদণ্ড হবে। তবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার গোলাম আরিফ এ কথা বলেন। রায়ের প্রতিক্রিয়ায় এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী বলেছেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে পাঁচ ও ছয় নম্বর অভিযোগ খুবই গুরুতর। সেটি প্রমাণিত হওয়ার পর কাদের মোল্লার মৃত্যুদণ্ডই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় আমরা প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ।’ আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এটি একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় ও জামায়াতের কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে করা মামলায় প্রথম রায়।কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে তাঁর ১৫ বছর করে কারাদণ্ড হয়েছে। চতুর্থ অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।