রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ১৯৭৩ (সংশোধন) বিল গতকাল বুধবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। রাতেই আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটি যাচাই-বাছাই করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। রোববার বিলটি পাস হবে। ২০০৯ সালের ১৪ জুলাই থেকে নতুন আইন কার্যকর বলে ধরা হবে।বিলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার, দণ্ডিত ব্যক্তি ও যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রাখা হয়েছিল। তবে সংসদীয় কমিটি সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখার বিধান বাতিল করে সরকারপক্ষ, বাদী ও বিবাদীপক্ষের আপিলের সুযোগ রেখে প্রতিবেদন তৈরি করেছে। এ ছাড়া ৬০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করতে হবে।সংসদীয় কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের জানান, কমিটির প্রতিবেদন আজ বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হবে। রোববার বিলটি পাস হবে।কমিটির সদস্য আবদুল মতিন খসরু বলেন, যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখলে যেকোনো মামলায় হাজার হাজার আপিল হতে পারে। এতে পুরো বিচার-প্রক্রিয়া বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে। সে জন্য কমিটি বিধানটি বাতিল করতে বলেছে। কমিটি ২০০৯ সালের যেদিন আইনটি সংশোধন হয়েছিল, সেদিন থেকে কার্যকর করতে বলেছে।গতকাল বিকেল সাড়ে চারটার দিকে অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী বিলটি উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে বিলটি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। রাতেই সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে কমিটি বৈঠকে বসে প্রতিবেদন চূড়ান্ত করে।বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুযায়ী সরকার শুধু আসামির খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। আর আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ছয়টি অভিযোগের মধ্যে তাঁকে একটিতে খালাস দেওয়া হয়। এই রায়ের পর তাঁর ফাঁসির দাবিতে শাহবাগসহ দেশব্যাপী তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ অবস্থায় বিদ্যমান আইনের ২১ ধারায় সংশোধনীর সিদ্ধান্ত নেয় সরকার।প্রস্তাবিত আইনের ২১(২) উপধারায় বলা হয়েছে, সরকার অথবা যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে খালাস অথবা দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবে। ২১(৪) উপধারায় বলা হয়েছে, আপিল আবেদন দাখিলের ৪৫ দিনের মধ্যে আপিল বিভাগকে তা নিষ্পত্তি করতে হবে। তবে প্রয়োজনে আরও ১৫ দিন সময় বাড়ানো হতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। তবে সংসদীয় কমিটি ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান করার সুপারিশ করেছে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, সব নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের যে অধিকার দেওয়া হয়েছে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে ২১(২) ধারায় তা প্রতিফলিত হয়নি। সে জন্য ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে উভয় পক্ষের ন্যায়বিচার নিশ্চিতকরণে আইনে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ কারণেই ২১(২) ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।দণ্ডিত ব্যক্তির আপিলের জন্য ২১(১) উপধারায় ব্যবস্থা রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী। তাই সংশোধনীতে আপিল নিষ্পত্তির মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।জঙ্গিবাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনালশীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সদস্যদের বিচারে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিগগির কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল সংসদে সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে তা উত্থাপিত হয়।সরকারি দলের কবিরুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারে দুটি ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করছে। একই ট্রাইব্যুনালে জেলা ও উপজেলার সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে বলে আশা করা যায়।