রায়ের বিরুদ্ধে রিভিউ করা যাবে
ত্রয়োদশ সংশোধনী বাতিল-সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করা যাবে। তবে সেই আবেদনের শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অংশ নিতে পারবেন না। গত রাতে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, রিভিউ আপিল বিভাগে গৃহীত হলে বর্তমান প্রধান বিচারপতি উপযুক্ত বেঞ্চ গঠনে তাঁর এখতিয়ার প্রয়োগ করবেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘রিভিউ দরখাস্ত গ্রহণ করা না-করা সম্পূর্ণই আপিল বিভাগের ওপর নির্ভর করে। প্রতিটি মামলার ঘটনা, তথ্য, গুরুত্ব প্রভৃতি বিবেচনা সাপেক্ষে আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়ে থাকেন।’ সংবিধানের ১০৫ অনুচ্ছেদ বলেছে, ‘সংসদের যেকোনো আইনের বিধানাবলী-সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যেকোনো বিধি-সাপেক্ষে আপিল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে।’ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিধি (পরিচ্ছেদ-৪, আদেশ-২৬) অনুযায়ী, প্রকাশ্য আদালতে যে তারিখে রায় ঘোষণা করা হবে, সেই দিন থেকে ৩০ দিনের মধ্যে রিভিউ দরখাস্ত দাখিল করতে হয়। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেওয়াজ হচ্ছে, মূল রায় ঘোষণার পরে যত বিলম্বেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হোক না কেন, রায়ের জাবেদা নকল (সার্টিফায়েড কপি) চেয়ে কারও দরখাস্ত করার তারিখ থেকে সেই দিনগুলো বাদ যাবে। ত্রয়োদশ সংশোধনী মামলার রায় ঘোষণা করা হয় ১০ মে ২০১১। ১৬ মাস পরে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এখন সাধারণ নিয়ম হচ্ছে, ১০ জুন ২০১১ সালের মধ্যে যদি কেউ রায়ের নকল নেওয়ার জন্য দরখাস্ত না দিয়ে থাকেন, তা হলে তাঁর রিভিউ করার সুযোগ বারিত হবে। কিন্তু এখানে একটা কথা আছে। আপিল বিভাগ বহু ক্ষেত্রে রিভিউ দরখাস্ত করার বিলম্ব মার্জনা করেছেন। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, অনেক মামলার ক্ষেত্রে দু-তিন বছর বিলম্ব মার্জনা করার দৃষ্টান্ত রয়েছে।গতকাল এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, মূল রায় ঘোষণা করার ৩০ দিনের মধ্যে কেউ দরখাস্ত দিয়েছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন।