রায়ের ২৩ দিনেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ২৩ দিন পরও এ ব্যাপারে দলীয় অবস্থান তুলে ধরতে পারেনি বিএনপি। দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা জানান, রায়ের পর দলের অবস্থান কী হবে, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় বিএনপির কয়েকজন নেতা ও আইনজ্ঞকে। কিন্তু এ নিয়ে তাঁদের মধ্যে মতভিন্নতা সৃষ্টি হওয়ায় প্রতিক্রিয়া জানাতে বিলম্ব হচ্ছে।১২ আগস্ট রায়ের ব্যাপারে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার কথা ছিল। দলের গুলশান কার্যালয়ে এ জন্য সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। কিন্তু শেষ মুহূর্তে কিছু বিষয়ে নেতাদের মধ্যে দ্বিমত সৃষ্টি হওয়ায় সংবাদ সম্মেলন বাতিল করা হয়।রায় পর্যালোচনার মাধ্যমে দলীয় প্রতিক্রিয়া নির্ধারণের জন্য গঠিত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কমিটির সদস্যরা নানা দিক ও দৃষ্টিকোণ থেকে অবস্থা ব্যাখ্যা করেছেন। তবে সবার বক্তব্য সরলীকরণের মাধ্যমে একক প্রতিক্রিয়া নির্ধারণের ক্ষেত্রে দেখা গেছে, সদস্যদের মধ্যে মূলত দুই ধরনের বক্তব্য উঠে এসেছে। প্রতিক্রিয়া উপস্থাপনের এই দুই ধরনের মত সম্পূর্ণ বিপরীতধর্মী। ফলে দলের অবস্থান নির্ধারণে দলীয় চেয়ারপারসন কোন পক্ষের মতামতকে গুরুত্ব দেবেন, তা নিয়ে বিপাকে পড়ায় প্রতিক্রিয়া জানাতে বিলম্ব হচ্ছে।পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত হাইকোর্টের রায় কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখেন। গত ২৭ জুলাই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর কয়েক দিন পর বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি করেন। কমিটি রায় পর্যালোচনা করে মতামত দিয়েছে।সূত্র জানায়, কমিটির সদস্যরা মতামত তুলে ধরে এই ইস্যুতে বিএনপির প্রতিক্রিয়া কী হতে পারে এমন একটি খসড়া চূড়ান্ত করে চেয়ারপারসনকে দিয়েছেন। খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন খসড়াটি যাচাই-বাছাই করছেন।কমিটির সদস্যরা হলেন খোন্দকার দেলোয়ার হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, সালাউদ্দিন কাদের চৌধুরী, জমিরউদ্দিন সরকার, টি এইচ খান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। কমিটির সদস্যরা গুলশান কার্যালয়ে কয়েক দফা বৈঠক করে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। তা ছাড়া সম্প্রতি খালেদা জিয়া মওদুদ আহমদ, সালাউদ্দিন কাদের চৌধুরী ও খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বলে বিএনপির সূত্রে জানা গেছে।যা নিয়ে মতভিন্নতা: কমিটির সদস্যদের একটি অংশ মনে করেন, আদালতের বিপক্ষে যায় এমন কোনো প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এর বিরোধীদের বক্তব্য হলো রায়ের অসংগতি তুলে ধরা এবং সংবিধানের বিষয়ে আদালতের হস্তক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী বলে উল্লেখ করা। এতে আদালতের রায়ের যৌক্তিকতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠবে, আর বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকবে।কমিটির এক সদস্য খালেদা জিয়াকে বলেছেন, আদালতে বিএনপির স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় বিচারাধীন আছে। বিশেষ করে, খালেদা জিয়ার বাড়ি ও তাঁর দুই ছেলের মামলা ঝুলে আছে। এ অবস্থায় আদালতের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না।রফিকুল ইসলাম তাঁর মতামতে বলেন, ‘আদালতের রায় বা বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলার জায়গা খুবই সীমিত। আমাদের দেখা উচিত সরকার সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে কী করে।’তবে ওই নেতাদের বক্তব্যের সঙ্গে কয়েকজন নেতা দ্বিমত পোষণ করেন। তাঁদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী খালেদা জিয়াকে বলেন, প্রশাসন, বিচার বিভাগ ও সংসদের কাজের মধ্যে ভারসাম্য থাকা দরকার। কোনটির কী ভূমিকা, তাও স্পষ্ট হওয়া দরকার। তা না হলে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখলের সুযোগ পেয়ে যাবে। দলের উচিত এই জায়গাটির ওপর গুরুত্ব দেওয়া।খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির অবস্থান কী হবে, তা দলই নির্ধারণ করবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, এই রায় সরকারকেই বেকায়দায় ফেলবে। কেননা এতে অনেক স্ববিরোধিতা আছে।’ধর্মীয় ইস্যুতে একমত: কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, একটি জায়গায় কমিটির সব সদস্যই একমত হয়েছেন। সদস্যরা মনে করেন, এই রায় পরিপূর্ণভাবে সরকার বাস্তবায়ন করতে চাইলে ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে বিএনপি রাজনৈতিক সুবিধা লাভ করতে পারবে। তাই আদালত বা রায়ের বিরুদ্ধে অবস্থান না নিয়ে রায়ের আলোকে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে রাজনৈতিকভাবে মোকাবিলা করাই হবে বিএনপির জন্য সব দিক থেকে লাভজনক।কমিটির সদস্যরা তাঁদের মতামতে বলেছেন, বিসমিল্লাহ, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, তা দেখা দরকার। এই বিষয়গুলোতে হাত দিলে বিএনপির পক্ষে রাজনৈতিক সুবিধা আদায় করা সহজ হবে বলে তাঁরা মনে করেন। তবে দলীয় অবস্থানগত কারণে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিরুদ্ধে থাকবে বিএনপি।সূত্র জানায়, গঠিত কমিটির একাধিক সদস্য দলীয় চেয়ারপারসনকে বলেছেন, এ বিষয়গুলোতে হাত দিলে ধর্মীয় অনুভূতি কাজে লাগাতে পারবে বিএনপি। আরেক সদস্য তাঁর মতামতে বলেছেন, আদালতের রায়ে বেশ কিছু স্ববিরোধিতা আছে। অপর এক সদস্য বলেন, রায় বাস্তবায়নে সরকার বেকায়দায় পড়বে। বিএনপিকে সেই পর্যন্ত অপেক্ষা করা ভালো। সরকার পদক্ষেপ নেওয়ার আগে আগ বাড়িয়ে কোনো ইস্যু তৈরি না করাই ভালো হবে। এ বিষয়গুলোতে সতর্কতার সঙ্গে জনগণের কাছে বিএনপির অবস্থান তুলে ধরার ব্যাপারে একমত পোষণ করেন তাঁরা।রায় নিয়ে বিএনপির নেতারা যে যা বলেছেন: সূত্র জানায়, এই ইস্যুতে খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের গণমাধ্যমের কাছে ব্যক্তিগত মতামত না দেওয়ার নির্দেশ দিয়েছেন। তা ছাড়া গত ৩১ জুলাই দলের জাতীয় নির্বাহী কমিটির বৈঠকেও এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের সতর্ক করেন তিনি। ওই সভায় তিনি বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়। তাই কারও নিজস্ব বক্তব্য দেওয়া ঠিক হবে না। বিএনপি দলীয়ভাবে অবস্থান তুলে ধরবে।এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ব্যক্তিগত মত উল্লেখ করে বলেন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, এটা মানতেই হবে। তবে সরকার এই রায় কীভাবে বাস্তবায়ন করছে, তার ওপর নির্ভর করছে বিএনপি কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বাতিল করা ঠিক হবে না। এটা জাতিকে নতুন কোনো সমস্যায় ফেলতে পারে। রাজনীতিতে ধর্মের অপব্যবহার হচ্ছে কি না, সেটা দেখা উচিত। তিনি বলেন, ‘এই রায়ের বিভিন্ন স্থানে অস্পষ্টতা রয়েছে, আছে পরস্পরবিরোধী অবস্থান।’স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, এই রায়ের ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে, যা জাতির জন্য শুভকর হবে না। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে সচেতন করা হবে।সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, তাই এটা এখন সংবিধানের অংশ হয়ে যাবে। তিনি বলেন, রায় বাস্তবায়ন করতে গেলে নানা অসংগতি আসবে। সরকার সেগুলো কীভাবে সামাল দেয়, সেটাই দেখার বিষয়।