রায়েরবাগে ছয়টি বাস পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি পরিত্যক্ত বাস পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনা রহস্যজনক।আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন একে একে পাশের পাঁচটি বাসে ছড়িয়ে পড়ে। রাস্তার পাশে মোট ১৫টি পরিত্যক্ত বাস ছিল। ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, সিগারেটের জ্বলন্ত অবশিষ্ট অংশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনা তদন্তকারী যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, বাসে আগুন লাগার ঘটনা রহস্যজনক। কেউ কেউ বলছে, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসআই জানান, বেলাল হোসেন ও আরজু মিয়া নামের দুই ব্যক্তি চীন থেকে ১৫টি বড় বাস দেশে আনলেও এখানে ফেলে রাখে। এসব বাস কখনো রাস্তায় চালানো হয়নি। ব্যাংক থেকে ঋণ করে বাসগুলো কেনা হয়েছিল। দুই মাস আগে একই স্থানে একই মালিকের ছয়টি বাস পুড়েছিল।