রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন খালে চলছে স্থাপনা তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে হাইক্কার খালসহ আশপাশের খাসজমি দখল ও ভরাট করে অবৈধ স্থাপনা নির্মিত হচ্ছে। স্মৃতিসৌধের পেছনে পাড় বাঁধাই করা অংশ-সংলগ্ন স্থান থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। নির্মাণাধীন এসব স্থাপনার দেয়াল আরও উঁচু করা হলে পেছন থেকে স্মৃতিসৌধের সৌন্দর্য দেখা যাবে না।শহীদ বুদ্ধিজীবী দিবসের আগের দিন গতকাল সোমবার রায়েরবাজার স্মৃতিসৌধে গিয়ে দেখা গেছে এসব চিত্র। অথচ হাইকোর্ট ৮ ডিসেম্বর হাইক্কার খাল ভরাট, দখল ও সেখানে নির্মাণকাজ সাত দিনের মধ্যে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তুরাগ-বুড়িগঙ্গার এই সংযোগ খাল রক্ষায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। ওই সাত দিন শেষ হচ্ছে আজ মঙ্গলবার। কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ বা খাল অবৈধ দখলমুক্ত করার কোনো তৎপরতা গতকালও শুরু হয়নি।জানা গেছে, হাইকোর্টের নির্দেশের বিষয়টি জানে না ঢাকা জেলা প্রশাসন ও ওয়াসা। এ দুই কর্তৃপক্ষ এ-সংক্রান্ত কোনো চিঠি পায়নি বলে দাবি করেছে।হাইকোর্টের চিঠি হাতে না পাওয়ার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। খালের সীমানা পুনর্নির্ধারণের জন্য অন্য সংস্থার সঙ্গে জেলা প্রশাসন টিম গঠন করেছে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, রাজধানীর খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার হলেও তহবিলের অভাবে অনেক সময় তা পারা যায় না। এর পরও ওয়াসা তালিকাভুক্ত ২৬টি খালের মধ্যে ১৩টি খাল রক্ষণাবেক্ষণ করছে। সমন্বিতভাবে হাইক্কার খালও (তাঁর ভাষায় রায়েরবাজার খাল) রক্ষণাবেক্ষণের তালিকায় যুক্ত হবে। আদালতের নির্দেশ-সংক্রান্ত চিঠি তিনি পাননি বলে জানান।নির্দেশের কথা জানেন না কর্মরত শ্রমিকেরা: গতকাল স্মৃতিসৌধের সবচেয়ে বড় দেয়ালের কাছে দাঁড়িয়ে দেখা যায়, পেছনে অনেক স্থাপনা। দেয়ালের খুব কাছে প্রায় সাত কাঠা জমিতে বেশ কয়েকটি পাকা ঘর তৈরি হচ্ছে। কয়েকটি ঘরের চার দেয়াল দাঁড়িয়ে গেছে। এসব ঘরের ভিটির জন্য মাটি কেটে আনা হচ্ছে সৌধের পাড় বাঁধাই করা অংশ ঘেঁষা স্থান থেকে। মাটি কাটছেন বেশ কয়েকজন নারী ও পুরুষ শ্রমিক। মাটি কাটার কারণে প্রায় পুকুরে রূপ নেওয়া এ অংশের এক স্থানে জমে আছে পানি। ওই ঘরগুলোর দেয়ালের ওপাশে দাঁড়ালে স্মৃতিসৌধের বড় দেয়ালের অনেকটা অংশ দেখা যায় না।জানা যায়, ২০০৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে বন্যায় হাইক্কার খালের পানির প্রবল চাপে সৌধের মূল ভিত্তির মাটি কয়েক জায়গায় ভেঙে যায়। ভাঙন রোধের অস্থায়ী ব্যবস্থা হিসেবে স্মৃতিসৌধ তত্ত্বাবধানকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর কয়েক জায়গায় বাঁশের খুঁটি ও বেড়া দিয়েছিল। বছর দুয়েক আগে পাড় বাঁধাই করে লোহার গ্রিল দেওয়া হয়। বাঁধাই করা অংশের লাগোয়া স্থান থেকে এখন মাটি কেটে নেওয়ায় তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।গতকাল সেখানে জমির মালিক দাবিদার, স্থাপনা নির্মাণকারী বা শ্রমিকদের নিয়োগকারী কাউকে পাওয়া যায়নি। আদালতের নির্দেশনার বিষয়টি জানেন না স্থাপনা নির্মাণ ও মাটি কাটায় ব্যস্ত শ্রমিকেরা। মাটি কাটায় ব্যস্ত আবদুল বাছেত জানান, আবদুল মোমিন নামের এক সুপারভাইজার তাঁকে এখানে কাজ দিয়েছেন। নির্দেশনার বিষয়ে তিনি জানেন না। দিন শেষে কাজের মজুরি পান। শ্রমিক আকলিমা বেগম বলেন, তিনি নিজের ও সন্তানদের মুখে খাবার জোগানোর জন্য এই কাজ করছেন। এই কাজের জন্য অন্যের কী ক্ষতি হচ্ছে তা তিনি জানেন না। স্থানীয় লোকজন জানান, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কয়েক দিন ধরে স্মৃতিসৌধ এলাকায় গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের আনাগোনা বেড়ে যাওয়ায় দখলদার ব্যক্তিদের দেখা যাচ্ছে না। আগেই তৈরি হওয়া একটি আধা পাকা ঘরে বসবাসকারী রহমতউল্লাহ জানান, ঘরের মালিক আফতাব প্রতি শতাংশ জমি ৫০ হাজার টাকায় কিনেছেন। তবে কার কাছ থেকে কিনেছেন, তা তিনি জানেন না।মালিকানা দাবির সাইনবোর্ড: ওই সাত কাঠা জমির পাশেই খাল-সংলগ্ন খাসজমিতে দেখা গেল একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড। এর পেছনে প্রায় ১০০ গজ জায়গায় অন্তত ৩০টি সাইনবোর্ড গেড়ে বিভিন্ন ব্যক্তি জমির মালিকানা দাবি করেছেন। একটি সাইনবোর্ডে লেখা আছে, এই জমির মালিক মো. জামালউদ্দিন। তাঁর জমির পরিমাণ উল্লেখ করা হয়েছে ২০৬ অযুতাংশ। সাইনবোর্ড রয়েছে ইমান আলী বেপারী, সৈয়দ মো. সেলিম, মো. মোসলেম উদ্দিন, মো. কুদ্দুসসহ অনেকের নামে।দিবস এলেই ধোপদুরস্ত: প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধটি সারা বছর অযত্ন-অবহেলায় থাকলেও বুদ্ধিজীবী দিবস এলেই তা ধোপদুরস্ত করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকাল সেখানে গিয়ে পরিচ্ছন্ন দেখা গেছে। কয়েক দিন আগে মূল স্তম্ভের লাল ইটের দেয়ালের জায়গায় জায়গায় দেখতে পাওয়া সাদা ছোপ মোছা হয়েছে। তবে কালো মার্বেল পাথরের বর্গাকৃতির স্তম্ভে পড়া সাদা ছোপ কিছুটা দেখা গেছে।সৌধ এলাকায় কথা হয় একটি সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুল হাইয়ের সঙ্গে। তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝেমাঝে এখানে আসি। বেশির ভাগ সময় এখানকার বাতাস থাকে পূতিগন্ধময়। আড্ডা দেয় বখাটে ও মাদকাসক্তরা। আজ পরিবেশ ভালো।’