জায়গা ভরাট করে ছয়টি স্থাপনা তৈরি হয়েছে। বানানো হয়েছে রিকশার গ্যারেজ
রায়েরবাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে হাইক্কার খাল আর রায়েরবাজার খালের সংযোগস্থলে জায়গা ভরাট করে ছয়টি স্থাপনা তৈরি হয়েছে। সেখানে লোকজন বসবাসও করছে। খাল ভরাট করে বানানো হয়েছে রিকশার গ্যারেজ। চলছে আরও স্থাপনা তৈরির কাজ। একটি ঘরে বসবাসকারী রহমতউল্লাহ গতকাল রোববার জানান, তাঁদের ঘরের মালিক রায়েরবাজারের জনৈক আফতাব আলী। তিনি জমির মালিকের কাছ থেকে প্রতি কাঠা ৫০ হাজার টাকা দরে কিনে এই স্থাপনা তৈরি করেছেন। তাঁর সঙ্গে অংশীদারও রয়েছেন। আফতাব আলী বা তাঁর সঙ্গীদের কাউকে এলাকায় পাওয়া যায়নি। ঢাকা জেলা প্রশাসন সূত্রমতে, স্মৃতিসৌধের পেছনের খালের জায়গা কোনো ব্যক্তিমালিকানার নয়, এটা খাসজমি। যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাজউক, ওয়াসা, ঢাকা সিটি করপোরেশনসহ (ডিসিসি) কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠকে কাল মঙ্গলবার থেকে ঢাকার খালগুলোর আবার জরিপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিপে হাইক্কার খালের অবৈধ স্থাপনাও চিহ্নিত করা হবে এবং উচ্ছেদের আওতায় নিয়ে আসা হবে। এলাকায় গিয়ে দেখা যায়, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে থেকেও পেছনের স্থাপনাগুলো সৌধের মূল সৌন্দর্য ও পবিত্রতা নষ্ট করছে। খালে পানি দেখা যায় খুব কম। পুরো খালজুড়ে কচুরিপানা। জানা যায়, ২০০৪ সালের আগস্ট-সেপ্টেম্বরের বন্যায় সৌধের মূল ভিত্তির মাটি অনেকখানিই বুড়িগঙ্গা নদীর শাখা হাইক্কার খালের প্রবল পানির চাপে ভেঙে যায়। ওই সময় ভাঙন রোধের অস্থায়ী ব্যবস্থা হিসেবে কয়েক জায়গায় সৌধের তত্ত্বাবধানকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর বাঁশের খুঁটি ও বেড়া দিয়েছিল। পরে সেখানে পাকা স্তম্ভ ও লোহার বেড়া দেওয়া হয়। কিন্তু এখন পেছনের ও আশপাশের অনেক জায়গা দখল হয়ে গেলেও গণপূর্ত অধিদপ্তর কিছু করতে পারছে না।অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিয়া মোহাম্মদ ইয়ামিন বলেন, স্মৃতিসৌধের উন্নয়নের জন্য আশপাশের এলাকার আরও সাড়ে তিন একর জায়গা অধিদপ্তরের নেওয়ার কথা ছিল। জেলা প্রশাসনের কাছ থেকে এই জায়গা নিয়ে সেখানে মুক্তিযুদ্ধ সংগ্রহশালা, শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে দ্বিতীয় প্রকল্প করার সিদ্ধান্ত ছিল। কিন্তু পরে এই সিদ্ধান্ত বাদ দেওয়া হয়। তিনি বলেন, স্মৃতিসৌধের পেছনের স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাঁদের নেই।জানা গেছে, আরও জায়গা অধিগ্রহণ করে এখানে কবরস্থান করা হবে। এটা করবে ঢাকা সিটি করপোরেশন। তবে এ বিষয়ে অগ্রগতি নেই বলে ডিসিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান। অযত্নে স্মৃতিসৌধ: গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। সৌধ নির্মাণে ১৮ কোটি টাকা ব্যয় হয়। স্মৃতিসৌধ চত্বরও রয়েছে অযত্ন-অবহেলায়। বুদ্ধিজীবী দিবসসহ বিশেষ কোনো দিবস এলে স্মৃতিসৌধ ধুয়ে-মুছে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়। এখন অসময়ে সৌধ হয়ে আছে বিবর্ণ। স্থানীয় কর্মচারীরা অবশ্য জানান, যতটা সম্ভব তাঁরা পরিষ্কার রাখার চেষ্টা করেন। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে, দর্শনার্থীদের জন্য সৌধের ভেতরের টয়লেটটি পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হয়ে পড়েছে পূঁতিদুর্গন্ধময়। সৌধচত্বরের সামনের দক্ষিণাংশে ২০০৪ সালে জোট সরকারের সময় যে গণশৌচারগারটি নির্মাণ করা হয়েছিল, সেটি এখনো আছে। এটি সৌধের পবিত্রতা নষ্ট করছে বলে পরিবেশবাদীরা অভিযোগ করেছেন। নির্মাণের সময় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, প্রজন্ম ’৭১সহ বিভিন্ন সংগঠন এখানে মানববন্ধন করেছিল। কিন্তু নির্মাণকারী ঢাকা সিটি করপোরেশন তা আমলে নেয়নি। নির্জন এই স্থানে সন্ধ্যার পর মাদকাসক্ত ব্যক্তিরা ভিড় করে বলে এলাকাবাসী জানান। রাতের বেলায় চলে নানা অসামাজিক কাজ। বখাটে-মাস্তানেরা চৌকিদারদের মারধর করে বলেও অভিযোগ পাওয়া যায়। এদের উৎপাত বন্ধ করতে পুলিশ ফাঁড়ি করার কথা ছিল। কিন্তু এ বিষয়টিও উপেক্ষিত।