রায়েরবাজারে পুড়ে গেছে আড়াই শ বস্তিঘর
রাজধানীর রায়েরবাজার রহিম বেপারির ঘাট (বটতলা) টং বস্তিতে আগুন লেগে আড়াই শ’ ঘর ও পাশের চারটি ভবন পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে পুরো বস্তি ধ্বংসস্তূপ হয়ে ডোবায় নিমজ্জিত হয়। বস্তির বেশির ভাগ বাসিন্দা তাদের কিছুই রক্ষা করতে পারেনি।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, দুপুর ১২ টার দিকে বস্তির পশ্চিম পাশের একটি ঘর থেকে প্রথম ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ আগুন গ্রাস করে পুরো বস্তিকে। এ সময় বস্তির বেশির ভাগ বাসিন্দা কাজে গিয়েছিল। ঘরগুলো ছিল তালা লাগানো। যে কয়জন ঘরে ছিলেন তাঁরা কিছু সম্পদ উদ্ধার করতে পেরেছেন। ডোবার ওপর বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি করা হয়েছিল বস্তির দোতলা ও তিনতলা ঘরগুলো।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি বিকেল সোয়া চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। বেলা সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদউল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কারণটি এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। বস্তিতে গ্যাস ও বিদ্যুতের অবৈধ সংযোগ ছিল।মহাপরিচালক বলেন, পুরো বস্তি টিন, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। বস্তির আশপাশের রাস্তাগুলো খুবই সরু হওয়ায় বস্তির চারদিকে পানিবাহী গাড়ি ঢুকতে পারেনি। একপাশ দিয়ে গাড়ি ঢুকিয়ে হোশপাইপ টেনে আগুনে পানি দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এ ছাড়া গ্যাসের সংযোগ বন্ধ করতেও অনেক সময় লেগে গেছে। তিনি বলেন, সেখানে প্রায় এক হাজার খুপরি ঘর ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। আগুনে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে, কেউ মারা গেছে বলে খবর পাওয়া যায়নি।তবে বস্তির ৪০টি ঘরের মালিক মো. শাহীন বলেন, সেখানে সব মিলিয়ে প্রায় আড়াই শ ঘর পুড়ে গেছে।ঘটনাস্থল ঘুরে গেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবীর নানক। তিনি বলেন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর দুর্গতদের সাহায্য করবে।