রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে ব্যাপক ভাঙচুর
রাজধানীর ভিআইপি সড়কে রিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রিকশাচালকেরা আজ সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করেছে। সকালে তারা পল্টন থেকে রামপুরা পর্যন্ত কয়েক শ গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা ভাঙচুর করেছে। এ সময় চারজন পুলিশসহ বেশ কিছু সাধারণ মানুষ আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করায় প্রতিবাদে আজ মুক্তাঙ্গনে রিকশাচালকদের সমাবেশে ছিল। সমাবেশে যোগ দিতে আসা কয়েক হাজার রিকশাচালক রাজধানীর মালিবাগ, শান্তিনগর, পল্টন, রামপুরাসহ বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করে। এ সময় তাঁরা সড়কে আটকে পড়া কয়েক শ গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা ভাঙচুর শুরু করে। বিক্ষোভকারীরা লাঠি, রড ও রিকশার চেন দিয়ে ভাঙচুর চালায়। মালিবাগে একজন ট্রাফিক তাদের বাধা দিলে তাঁকে মারধর করে। শান্তিনগরে বিক্ষোভকারীরা তিনজন পুলিশকে পিটিয়েছে। এ সময় রাস্তায় কোনো পুলিশি নিরাপত্তা ছিল না। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষও আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীদের কয়েকজন অভিযোগ করেন, রিকশাচালকদের সমাবেশ হবে অথচ কোনো পুলিশি নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।