রিকশা মেকানিকস আবদুর রউফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রউফ রিকশা মেকানিকস। কোনো দোকানে নয়, খোলা আকাশের নিচে ফুটপাতে বসে কাজ করেন। তিনি জানালেন, রিকশার টিউব ফেটে গেলে মেরামত বাবদ ১৫ টাকা পারিশ্রমিক নেন। টিউবের ছিদ্র সারাই করতে নেন ১০ টাকা, পাম্প করতে নেন দুই টাকা। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন। দুপুরের খাবার খান আশপাশের হোটেলে। সারা দিনে দেড় শ থেকে ২০০ টাকা আয় হয়।আবদুর রউফের বাসা কামরাঙ্গীরচরে। ঘরভাড়া দেন দেড় হাজার টাকা। গ্রামের বাড়ি বরগুনার খেপুপাড়ার পশ্চিম বাদুরতলী গ্রামে। তিনি জানান, ২০ বছর আগে গ্রাম ছেড়েছেন। শুধু মধ্যখানে দুই বছর গ্রামে গিয়ে হোটেল দিয়েছিলেন। ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে এসেছেন। বছর পাঁচেক আগে লালবাগের এক গ্যারেজের রিকশা চালাতেন। রিকশা নিয়ে ইসলামপুর এসে তা রেখে কাপড়ের গাট্টি আনতে গেলে রিকশাটি চুরি হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও রিকশাটি আর পাওয়া যায়নি। এক দিনেই ওই গ্যারেজের পাঁচটি রিকশা খোয়া যায়। রিকশার মালিক পাঁচ রিকশাচালককে বেঁধে পিটিয়েছিলেন। তারপর থানায় দিয়ে দেন।আবদুর রউফকে কিছুদিন জেল খাটতে হয়। এতে তাঁর বড় ক্ষতি হয়ে যায়। বাঁ পায়ের শক্তি হারিয়ে ফেলেন। এখন পা টেনে টেনে হাঁটেন। জেল থেকে বের হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন আবদুর রউফ। গ্রামে ছোট্ট একটি হোটেল দেন। তিনি জানান, সেটা চলেনি। তিন ছেলের কেউ তাঁকে এক পয়সা দিয়েও সাহায্য করেনি।একপর্যায়ে তাঁর স্ত্রী মারা যান। গ্রামে সুদের ওপর ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বোঝা নিয়ে ঢাকার লালবাগে ফিরে আসেন আবদুর রউফ। রিকশা চালানোর ক্ষমতা ছিল না তাঁর।কারণ, বাঁ পা ভাঁজ করতে পারেন না। বাধ্য হয়ে রিকশা মেকানিকসের কাজটা বেছে নেন।