রিকশাওয়ালার ঘুষিতে প্রাণ গেল রিকশাওয়ালার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রিকশাওয়ালার ঘুষিতে প্রাণ হারালেন সুজা মিয়া (৩০) নামের আরেক রিকশাওয়ালা। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রিকশাওয়ালা বাচ্চু মিয়াকে আটক করেছে। নিহত সুজা রংপুরের আলামত মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে জগন্নাথ হলের সামনে সুজা ও বাচ্চুর মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় সুজা রিকশায় বসা ছিলেন। একপর্যায়ে বাচ্চুকে ঘুষি মারেন সুজা। এরপর বাচ্চু সুজাকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন। এতে রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান সুজা। পথচারীরা সুজা ও বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা একটার দিকে কর্তব্যরত চিকিত্সক সুজাকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ বাচ্চুকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।ক্যাম্পে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, আগে পিছে যাওয়া নিয়ে দুই রিকশাওয়ালার মধ্যে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ মোহাম্মদ বদরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, রিকশাচালক বাচ্চু মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।