রিকশাভ্যান জব্দ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অবিলম্বে রিকশাভ্যান জব্দ বন্ধের দাবি জানিয়েছে রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়। সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগে রিকশাভ্যান জব্দ করার মাধ্যমে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবৈধভাবে টাকা দাবি করছেন।তাঁরা বলেন, ১৯৮৬ সালের পর থেকে সরকার রিকশার অনুমোদনপত্র দিচ্ছে না। আবার নতুন করে রিকশা রাস্তায় নামলে সেগুলো ধরা হচ্ছে। তাই নতুন অনুমোদনপত্র দেওয়ার আগ পর্যন্ত রিকশা জব্দ বন্ধ করতে হবে।সমাবেশে বলা হয়, অনেক সড়কে বর্তমানে রিকশা চলাচল বন্ধ আছে। অবিলম্বে ঢাকার সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দিতে হবে। রিকশাভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিংব্যবস্থা চালু করার দাবিও জানানো হয় এ সমাবেশে। একই সঙ্গে যানজট কমাতে প্রাইভেট কার আমদানি কমিয়ে দেশের গণপরিবহন উন্নতির সুপারিশ করেন শ্রমিক নেতারা।বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস, সংগঠক মাহাবুব হাসান, জলি তালুকদার, রিকশা শ্রমিক নেতা সোহেল আহমেদ, মিয়া বক্স প্রমুখ।