রিকশার আরোহীকে চাপা: ট্রাকচালকের ৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর দায়ে এক গাড়িচালককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি গাড়িচালক ফারুক হোসেন।আজ বুধবার ঢাকার মহানগর হাকিম উত্পল চৌধুরী এই রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর খিলক্ষেত থানাধীন আমতলা হাজিবাড়ি কবরস্থানের সামনে একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী নাসিমা আক্তার রিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ করে আজ এই রায় দেন।রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত আসামিকে ২৭৮ ধারায় দোষী সাব্যস্ত করে এক বছর এবং ৩০৪/বি ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।