রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে ইন্টারপোলের পরোয়ানা
বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ম্যানেক্স কো ইন্টারন্যাশনাল নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের (রিক্রুটিং এজেন্সি) মালিকের বিরুদ্ধে পরোয়ানা (রেড অ্যালার্ট) জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। পরোয়ানা জারি হওয়া ওই ব্যক্তির নাম মাহমুদুল হক ওরফে ফারুক মাহমুদ চৌধুরী। রাজধানীর দিলকুশায় তাঁর প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত। তাঁর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীর বগাদানা গ্রামে। অভিযোগ রয়েছে, মাহমুদুল হক ২০০২ সালে ফেনীর ৮০ জন যুবককে দুবাই পাঠানোর কথা বলে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন। প্রতারণার অভিযোগে এক ভুক্তভোগীর করা মামলায় ফেনীর আদালত তাঁকে ২০০৫ সালের জুলাই মাসে সাত বছরের সাজা দেন। এর পর থেকে তিনি দুবাইয়ে আছেন।সূত্র জানায়, মাহমুদুল হকের কাছে একাধিক পাসপোর্ট রয়েছে। এর মধ্যে দুটি পাসপোর্টে ভিন্ন ভিন্ন নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো বাতিলের নির্দেশ দিয়েছে।