রিক্রুটিং এজেন্সির প্রতারণা ঠেকাতে নতুন আইন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতারণা ঠেকাতে নতুন করে আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ বুধবার ‘ভারত ও বাংলাদেশ সীমান্ত সহযোগিতা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশে চাকরির আশায় সাধারণ মানুষ তাঁদের ঘর-বাড়ি, জমি, গরু-ছাগল বিক্রি করে সর্বস্ব তুলে দেন রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের হাতে। আর তাঁরা তাঁদের সরলতার সুযোগ নিয়ে জাল পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। ধরা পড়লে অপরাধী হয় ভুক্তভোগী ওই সাধারণ ব্যক্তি। অথচ জাল পাসপোর্ট তৈরিকারী এজেন্সি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যান। কারণ যখন যে দল ক্ষমতায় আসে, তখন তাঁরা তাদের ঘাড়ে সওয়ার হয়ে তাঁদের ব্যবসা চালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন করে আইন প্রণয়ন করতে হবে। আর সে কাজটি আমরা করব।’যশোরের বেসরকারি সংস্থা ‘রাইটস’ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহিবুল হক বলেন, নাগরিক-বিনিময় আইনের জটিলতার কারণে পাচার হওয়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। যে কারণে যশোর কেন্দ্রীয় কারাগারে ৫০-৬০ জন ভারতীয় নাগরিক আটকা আছেন। তাঁদের সাজার মেয়াদ শেষ হয়ে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু ভারত সরকার তাঁদের এখনো ফিরিয়ে নিয়ে যায়নি। তাঁরা জেলের অন্ধকারে মানবেতর জীবনযাপন করছেন।রাইটস যশোর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেওয়া ভারতের ছয় সদস্যের প্রতিনিধিদলের পক্ষে বক্তব্য দেন কলকাতার বেসরকারি সংস্থা সোশ্যাল লিগ্যালএইড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মানবেন্দ্র নাথ মণ্ডল।