রিগ্যানকে আবেগী চিঠি লিখেছিলেন থ্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ সালে আর্জেন্টিনার সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের যুদ্ধে জয়ী হতে মরিয়া ছিলেন তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ওই সময় তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যানের কাছে পাঠানো এক আবেগপ্রবণ চিঠিতে ‘লৌহমানবী’ থ্যাচারের এই ব্যাকুলতা প্রকাশিত হয়। যুক্তরাজ্যের সরকারি নথির বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৩০ বছর গোপন রাখার পর আজ প্রকাশ করা হয়েছে সেই নথি।চিঠিতে রিগ্যানকে থ্যাচার লেখেন, ‘আপনি হচ্ছেন একমাত্র ব্যক্তি, যিনি আমার অবস্থান বুঝতে পারবেন।’সেই গোপন নথির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের দুই নেতা যুদ্ধকালীন পরস্পর যোগাযোগ রেখেছিলেন। ওই সময় থ্যাচারের ওপর যে চাপ ছিল, তা উল্লেখ রয়েছে। চিঠিতে থ্যাচার ফকল্যান্ডের যুদ্ধে আর্জেন্টিনার হামলাকে তাঁর আমলে ‘সবচেয়ে ভয়াবহ হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। রিগ্যানকে তিনি বলেন, ‘আলাদা করে আপনাকে চিঠি লেখার কারণটি হচ্ছে, আমি মনে করি আপনিই একমাত্র ব্যক্তি, যিনি আমার বর্তমান অবস্থা বুঝতে পারবেন। কী বলতে চাইছি, তার গুরুত্ব বুঝবেন।’ এক চিঠিতে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা ও বিচারব্যবস্থা সংকটাপন্ন পর্যায়ে চলে গেছে।’স্প্যানিশ ভাষায় ফকল্যান্ডের নাম লা মালভিনাস। এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ১৯৮২ সালে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধ হয়। ৭৪ দিনের ওই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে। এ যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হয়। এখনো ওই দ্বীপপুঞ্জের মালিকানার বিষয়টির মীমাংসা হয়নি, যদিও এটি ব্রিটিশদের দখলে রয়েছে।