রিচার্ড ফাইনম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র ছেলেকে নিয়ে মা-বাবা সব সময় চিন্তিত থাকতেন। কখন প্রতিবেশীর অকেজো ঘড়ি, নষ্ট সাইকেল প্রভৃতি সারতে তুলকালাম কাণ্ড করে বসে। পাড়ার গির্জার বড় কাঁটার ঘড়ি ও ঘণ্টার প্রতি ছিল ছেলেটির আকর্ষণ। ঘড়িটি কীভাবে কাজ করে, কীভাবে দম দেয়, এত বড় ঘণ্টা অত উঁচুতে ওঠানো হলো কীভাবে তা নিয়েই যত চিন্তা। এসব প্রশ্নে গির্জার ষাটোর্ধ্ব যাজককে রাতদিন তাড়া করত ছেলেটি। ছেলেবেলায় নষ্ট রেডিও সারতে ওস্তাদ হয়ে ওঠে ছেলেটি। দস্যি ছেলের কিশোর বয়সে ক্যালকুলাসে দক্ষতা স্কুলের শিক্ষকদের কাছে প্রিয় করে তোলে। এই ছেলেই বিশ শতকের অন্যতম পদার্থবিজ্ঞানী রিচার্ড ফিলিপ ফাইনম্যান। ১৯১৮ সালে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফাইনম্যানের গবেষণার ক্ষেত্র ছিল কোয়ান্টাম বলবিদ্যা ও কণা পদার্থবিজ্ঞান। তিনি এমআইটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি সর্বকনিষ্ঠ গবেষক হিসেবে পারমাণবিক বোমা তৈরির ম্যানহাটন প্রজেক্টে অংশ নেন। ১৯৪৫ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও ১৯৫০ সালে ক্যালটেকে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এখানে কোয়ান্টাম ইলেকট্রোডায়নামিকস ও অত্যধিক শীতল তরল হিলিয়ামের কণাপ্রবাহ নিয়ে গবেষণা শুরু করেন। এ সময় অতিপারমাণবিক কণার আচরণ বিশ্লেষণের ওপর একটি ডায়াগ্রাম প্রকাশ করেন, যা পরে ‘ফাইনম্যান ডায়াগ্রাম’ নামে পরিচিতি পায়। পদার্থবিজ্ঞানের জটিল তত্ত্ব সবাই যেন সহজেই বুঝতে পারে, সে জন্য সহজ ভাষায় তিনি লেকচার দিতেন। এ কারণে শিক্ষার্থীদের কাছে তিনি ‘দ্য গ্রেট এক্সপ্লেনার’ হিসেবে খ্যাতি পান। ‘দেয়ারস প্লেনটি অব রুম অ্যাট দ্য বটম’ নামের বিখ্যাত লেকচারে ন্যানোটেকনোলজি সম্পর্কে ধারণা দেন। তার কোয়ান্টাম ইলেকট্রোডায়নামিকস ও দ্য থিওরি অব ফান্ডামেন্টাল প্রসেসেস নামের দুটি বিখ্যাত বক্তব্যসমগ্র রয়েছে। ১৯৬৫ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই পদার্থবিজ্ঞানীঅ্যান্টিক্লক নামের চলচ্চিত্রে অধ্যাপক হিসেবে অভিনয় করেন। গবেষক পরিচয় ছাড়াও তিনি শিওরলি ইউ আর জোকিং, মি ফাইনম্যান! ও হোয়াট ডু ইউ কেয়ার হোয়াট আদার পিপল থিংক নামের রম্যপ্রকৃতির বইয়ের জন্য বিখ্যাত। তিনি নভোখেয়া চ্যালেঞ্জার ধ্বংসের কারণ অনুসন্ধানের রজারস কমিশনের বিশেষজ্ঞ ছিলেন। ১৯৮৮ সালে লিপোসারকোমা ও ম্যাক্রোগ্লুবুলিনেমিয়া নামের দুরারোগ্য ক্যানসারে মারা যান এই বিজ্ঞানী।জাহিদ হোসাইন