রিজভী ও ড্যাব নেতা জাহিদ জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি জাহিদ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিজভী ও দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জাহিদ মুক্তি পান। গাজীপুর প্রতিনিধি জানান, বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে রুহুল কবীরকে মুক্তি দেওয়া হয়। কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়ি পোড়ানো, ভাঙচুর ও মারামারির ঘটনায় পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় গত ১১ মার্চ গ্রেপ্তার হন রিজভী। ১৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। সর্বশেষ মামলায় গতকাল বৃহস্পতিবার আদালত তাঁকে জামিন দেন। মুক্তি পাওয়ার পর রিজভী বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার এখন দমন করা হচ্ছে নিষ্ঠুরভাবে। গণতন্ত্রের সংগ্রামে কর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে তা নজিরবিহীন।’এদিকে দুপুর সোয়া একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন ড্যাবের নেতা জাহিদ হোসেন। কারাগারের ফটকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান তাঁর সংগঠনের চিকিত্সকেরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন। বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ মার্চ দলের নয়া পল্টনের কার্যালয়ে পুলিশি অভিযানের সময় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাহিদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়। ২৪ মার্চ রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। কয়েক দিন পর তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ২১ এপ্রিল আদালত থেকে জামিন পেয়ে বের হলে তাঁকে আবারও আর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল তিনি ওই মামলায়ও জামিন পান।