রিজভী কারাগারে, শুনানি ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে শাহবাগ থানায় ও তেজগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনের মামলায় রিজভীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন থানার উপপরিদর্শক আবদুল ওহাব। কিন্তু পুলিশ মামলার প্রয়োজনীয় কাগজপত্র (সিডি) উপস্থাপন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম এরফান উল্লাহ আগামী বৃহস্পতিবার মামলার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনসহ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।এদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হলে, তা-ও ওই দিন শুনানির জন্য রাখা হয়। অন্যদিকে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় রিজভীকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার শীল আবেদনটি করেন। এ আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করেছেন মহানগর হাকিম হাসিবুল হক। আজকের শুনানি শেষে দুই আদালতই রিজভীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।রিজভীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদারসহ অর্ধশতাধিক আইনজীবী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবুসহ প্রায় ২৫ জন।বেলা সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে রিজভীকে আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় রিজভীর গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া রিজভীর সমর্থকেরা আদালত এলাকায় জড়ো হলে সেখান থেকে ২০-২৫ জনকেও পুলিশ আটক করেছে।গতকাল সোমবার রাতে কাকরাইল মোড় থেকে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।