পদ্মা সেতু নির্মাণে ১৮০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বরাদ্দ রাখা হবে। এ জন্য শিগগিরই খোলা হবে একটি বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি অ্যাকাউন্ট)। নিজ বাসভবনে গতকাল রোববার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক করার জন্য গতকাল রাতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী। আগামী ২ মার্চ তিনি দেশে ফিরবেন। সেতু নির্মাণের জন্য এ রিজার্ভ রাখা হলে আন্তর্জাতিক ঠিকাদারেরা আস্থা পাবেন বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, দেশীয় অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে। তবে দুয়ার খোলা থাকবে উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোর জন্যও। তারা চাইলে আগামী জুন-জুলাইয়ের মধ্যে অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে।’ চীন থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘একমাত্র ভরসা ছিল মালয়েশিয়া। এরই মধ্যে মালয়েশিয়ার অর্থায়ন নিয়ে একটি বৈঠক হয়, সেখানে আমি ছিলাম। অনেক ব্যাপার-স্যাপার আছে। পরে বলব। তবে মালয়েশিয়ার অর্থায়নে পদ্মা সেতু করলে খরচ পড়বে অনেক বেশি।’অর্থমন্ত্রী বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে যথেষ্ট। এ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করলে কোনো সমস্যা হবে না। দেশের রাজস্ব আদায়ও ভালো, ভবিষ্যতে রাজস্ব আদায় এমনকি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’পদ্মা সেতু প্রকল্প নিয়ে অনেক ভুল-বোঝাবুঝি হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বিজ্ঞপ্তি পর্যন্ত দিয়েছে। আমরা চাই না, এটা নিয়ে আর কোনো সমস্যা হোক। আবার বিশ্বব্যাংক ভালো কিছু সিদ্ধান্তও নিয়েছে। এসেছেন নতুন কান্ট্রি ডিরেক্টর। ওয়াশিংটন থেকে ফিরে আসার পর এ ব্যাপারে আরও কথা বলব।’ এর পর থেকে যোগাযোগ মন্ত্রণালয়ই পদ্মা সেতু নির্মাণের প্রধান ভূমিকা পালন করবে বলে জানান তিনি।দেশীয় অর্থায়নে সেতু নির্মাণ করতে পারলে দেশের ভাবমূর্তি বাড়বে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। অন্য অর্থায়নকারীদের কী হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘সবাইকে বলছি। কেউ এলে আমি অবাক হব না।’ অর্থনীতিতে গত ছয় মাসে কী কী হলো, আগামী ৫ মার্চ জাতীয় সংসদে তা উপস্থাপন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘প্রাথমিক হিসাব যা পেয়েছি, তা অত্যন্ত শুভ।’ এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গতকাল পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ কোটি ডলার।