রিট আবেদন করল চ্যানেল ওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ তার সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে আজ রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কাছে আবেদনটি জমা দেন চ্যানেলটির আইনজীবী আহসানুল করিম।রিট আবেদনে বলা হয়, অনাপত্তিপত্র পাওয়ার পর ওয়ান এন্টারটেইনমেন্টকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স প্রদান পত্রে যন্ত্রপাতি হস্তান্তর করা যাবে না এমন কোনো শর্ত ছিল না। এ ছাড়া কোনো নোটিশ ছাড়াই চ্যানেলটির তরঙ্গ বরাদ্দ বাতিল করা হয়েছে। এতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) লাইসেন্স প্রদানসংক্রান্ত নীতিমালার ৪৬ ধারা লঙ্ঘিত হয়েছে।আহসানুল করিম প্রথম আলোকে বলেন, গত ২৭ এপ্রিল (বিটিআরসি) এক নোটিশের মাধ্যমে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। বিটিআরসির ওই নোটিশটিকে অবৈধ ঘোষণার আরজি জানিয়ে ওয়ান এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল ইসলাম বাদী হয়ে রিট আবেদন পেশ করার অনুমতি চান। আজ এর ওপর শুনানি হতে পারে।