সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে দেওয়া সরকারি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে পেশ করা রিট আবেদনটি অবশেষে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পদক্ষেপ নেন। আজ দুপুরে রিট আবেদন শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন শুনানি মুলতবির জন্য আদালতের কাছে আবেদন জানান। এটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে বলেন, ইতিমধ্যে পাঁচ বার সময় দেওয়া হয়েছে। আর সময় দেওয়া সমীচীন হবে না। এ পর্যায়ে খালেদার আইনজীবী বলেন, আদালতের প্রতি তাঁদের আস্থা নেই। এরপর আদালত মন্তব্য করেন, বিষয়টি অসত্ উদ্দেশ্যপ্রণোদিত। খালেদা জিয়ার আইনজীবীদের উপস্থিতিতেই শুনানির দিন ধার্য করা হয়েছিল। খালেদার পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা তখন অনাস্থার কথা বলেননি। সার্বিক বিবেচনায় বিষয়টিকে নজিরবিহীন উল্লেখ করে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত খালেদার রিট আবেদনের শুনানি পাঁচ দফা পিছিয়েছে। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করলে ২৭ মে একটি দ্বৈত বেঞ্চ ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।