রিট আবেদনকারী শিক্ষকদের প্রার্থী হতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে জারি করা পরিপত্রের ৩ অনুচ্ছেদের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে হাইকোর্ট নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রের ৩ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্য কোনো আইনি সমস্যা না থাকলে রিট আবেদনকারী শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতেও বলা হয়েছে।গত ৪ মে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘দি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১’-এর বিধান অনুযায়ী সরকার-স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের কর্মচারীরা সব ধরনের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই পরিপত্রের ৩ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা কয়েক দিনে হাইকোর্টে ১১টি রিট করেন। গতকাল এর ওপর শুনানি হয়। আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এম বদরুদ্দোজা ও মো. গোলাম নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, হাইকোর্টের এই আদেশ শুধু আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। শুনানিতে তিনি বলেন, ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে প্রথম পর্যায়ে ইউপি নির্বাচন ও ফলাফল ঘোষণা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে প্রায় ১০০ জন নির্বাচিত হয়েছেন। যে কারণে এখন শিক্ষক-কর্মচারীদের নির্বাচনের সুযোগ না দেওয়া হলে তা হবে বৈষম্যমূলক।