রিট আবেদনকারী সেই সিদ্দিক চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত সপ্তম সংশোধনীর বিরুদ্ধে রিট আবেদনকারী সিদ্দিক আহমেদ গতকাল বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সপ্তম সংশোধনী বাতিলসংক্রান্ত হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ সম্প্রতি বহাল রাখেন আপিল বিভাগ। তবে জানা গেছে, সিদ্দিকের বিরুদ্ধে করা হত্যা মামলার বিচার নিম্ন আদালতে চলবে। হত্যা মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সিদ্দিক আহমেদ হাইকোর্ট থেকে জামিন পান। সেই আদেশের পরিপ্রেক্ষিতে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। কারাগার সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে সিদ্দিক জামিনে মুক্তি পান। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত ৫৫৯ নম্বর স্মারকে হাইকোর্ট বিভাগের জামিনের আদেশ গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কারাগারে পাঠায়। এরপর কারা কর্তৃপক্ষ গতকাল সকালে তাঁকে মুক্তি দেন। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুল কাদের বলেন, ‘হাইকোর্ট বিভাগের আদেশ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে আমাদের হাতে আসে। এরপর আমরা সিদ্দিক আহমেদকে মুক্তি দিই।’মুক্তি পাওয়ার পর সিদ্দিক গতকাল পটিয়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সন্ধ্যায় তিনি নিজ বাড়ি বাথুয়ায় যান। আত্মীয়রা তাঁকে নানাভাবে উৎসাহ দিচ্ছিলেন। কারণ তাঁর রিট পিটিশনের কারণে সপ্তম সংশোধনী বাতিল হয়। গতকাল গ্রামের বাড়িতে জামিনে মুক্তি পাওয়ার অনুভূতি প্রকাশ করে সিদ্দিক বলেন, ‘আমি খুব খুশি। আমার দৃঢ় বিশ্বাস, যে হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে, তা থেকে আমি খালাস পাব। শত্রুতা করে আমাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। চট্টগ্রামের আদালতে আমার বিরুদ্ধে কেউ অভিযোগ প্রমাণ করতে পারবে না। কারণ হত্যাকাণ্ডের শিকার লোকটিকে আমি চিনি না, কখনো দেখিনি।’ আদালত সূত্র জানায়, একটি হত্যা মামলায় ১৯৮৪ সালে সিদ্দিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। ঘটনার সময় দেশে সামরিক শাসন চলছিল। ক্ষমতায় ছিলেন তৎকালীন সেনাবাহিনীর প্রধান লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। ওই মামলায় সামরিক আদালতে ১৯৮৬ সালের ২০ মার্চ সিদ্দিকের ৩০ বছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়। আদালত সূত্র জানায়, সামরিক আদালতের চেয়ারম্যান (বিচারক) কর্নেল মতিউর রহমান আসামি সিদ্দিকের সাজা দিয়েছিলেন। সামরিক আদালতটি মার্শাল কোর্ট-৩ নামে পরিচিত ছিল। প্রায় ২৪ বছর পর সিদ্দিক এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন, যার পরিপ্রেক্ষিতে সপ্তম সংশোধনী বাতিল হয়। কারাগার সূত্র জানায়, গত ৭ এপ্রিল থেকে সিদ্দিক চট্টগ্রাম কারাগারে ছিলেন। এর আগে তিনি ২০০৬ সালের ২ আগস্ট থেকে ২০১০ সালের ২৭ এপ্রিল পর্যন্ত কারাভোগ করেন। এর আগে ১৯৮৫ সালের শেষের দিকে সিদ্দিক প্রথম দফায় এক মাস ১৭ দিন কারাগারে ছিলেন।