রিট আবেদনের ওপর আদেশ রোববার
আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেওয়া হবে। শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।আদালতের সূত্রে জানা যায়, পৃথক তিন মামলায় মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদ গতকাল বুধবার এ আবেদন করেন। এ রিট আবেদনের ওপর আজ সকালে শুনানি হয়। আদেশ দেওয়ার দিন রোববার ধার্য করেন আদালত।আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারীপক্ষের কৌঁসুলি বলেন, রিমান্ডে নিয়ে তাঁকে নির্যাতন করা হচ্ছে। রিমান্ড দেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ নিয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। ওই রায়ও অনুসরণ করা হয়নি।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে—এ বক্তব্য সঠিক নয়।