রিট খারিজের বিরুদ্ধে ইউনূসের আবেদন শুনানি ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি আবেদন (সিএমপি) করেছেন। গতকাল বুধবার সকালে করা আবেদন দুটি দুপুরে চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। শুনানির পর চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদন দুটি ১৫ মার্চ শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দুটি করা হয়েছিল। সূত্র জানায়, বেলা সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত শুনানি চলে। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ শুনানি করেন। এ সময় আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন, তানিম হোসাইন শাওন উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুটি আবেদন (সিএমপি) করা হয়। এতে হাইকোর্টের আদেশ এবং বাংলাদেশ ব্যাংকের দুটি চিঠির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। আদালত স্থগিতাদেশ দেননি। ফলে বাংলাদেশ ব্যাংকের আদেশ বহাল আছে। চেম্বার বিচারপতি ১৫ মার্চ নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা সরকারের বিষয়, বাংলাদেশ ব্যাংকের বিষয়। এ সময় পর্যন্ত ইউনূস কাজ চালিয়ে গেলে কী হবে—এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, কাজ চালিয়ে গেলে আদালতের আদেশের অবমাননা হবে, আইনবহির্ভূত হবে।আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘স্থগিতাদেশ চেয়ে করা আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আবেদন জানিয়েছি। আদালত ১৪ মার্চ বলেছিলেন; আইনজীবী কামাল হোসেন না থাকায় আমরা ১৫ মার্চ বলেছি। ওই দিন শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।’ এ সময় পর্যন্ত ড. ইউনূস কাজ চালিয়ে গেলে আদালত অবমাননা হবে কি না, এ প্রশ্নের জবাবে রোকনউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়নি, এ আদেশ কবে কার্যকর হবে। পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। অব্যাহতির কথা বলা হলেই অব্যাহতি হয় না। কারণ বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এর কিছু প্রক্রিয়া আছে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এমনও বলা হয়নি, অনতিবিলম্বে করতে হবে। এটা কার্যকরী আদেশ নয়, যতক্ষণ পর্যন্ত না বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ড. ইউনূস ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের আদেশ বিচারাধীন। আদালত যেহেতু বলেছেন, এ ব্যাপারে শুনানি করবেন, তাই ওই সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে কোনো কার্যক্রম গ্রহণ করা সমীচীন হবে না। আশা করি, মুহাম্মদ ইউনূস এমডি হিসেবে থাকতে পারবেন।’ প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্ট আদেশ দেন। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইউনূসের অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন দুটি খারিজ করে দেন।রাজধানীতে আবার মানববন্ধনড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের প্রতিবাদে ওই ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা গতকাল আবারও রাজধানীতে মানববন্ধন করেছেন। বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত মিরপুর থানার সামনে থেকে মিরপুর ১ নম্বর জনতা হাউজিং পর্যন্ত এই মানববন্ধন হয়। কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন বহন করেন।মানববন্ধনে অংশ নেওয়া গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকার দেশের একমাত্র নোবেল বিজয়ীকে অপমান করল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অযৌক্তিকভাবে তাঁকে অপসারণ করা হয়েছে। এটা তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাঁরা বলেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে তাঁর মনোনীত কোনো ব্যক্তিকে সরকার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারত।চার দিন ধরে মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল বেলা ১২টার পর মানববন্ধন ঘিরে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, আধা ঘণ্টার মানববন্ধন ছিল শান্তিপূর্ণ।