অর্থপাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রিট খারিজের বিরুদ্ধে করা আবেদনের শুনানি পিছিয়েছে।তারেক রহমানের আইনজীবী রফিক উল হকের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার সকালে আদালত এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ শুনানি মুলতবি করেন।৬ ফেব্রুয়ারি শুনানি হবে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক। জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তারেক রহমানের রিট খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে তারেক রহমানের পক্ষে লিভ টু আপিল করা হয়। এ বছরের ৩ জানুয়ারি আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আনিসুল হক। হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা। একই সঙ্গে তিনি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে। গত বছরের ৫ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা ও মুদ্রাপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট করা হয়।