রিট নিষ্পত্তি হলেই ৩০তম বিসিএসের ফল প্রকাশ
৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা বাতিল নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটটি নিষ্পত্তি হওয়ার পরই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ রিট আবেদনের ওপর আগামী ৩ অক্টোবর শুনানি হওয়ার কথা। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা’দত হুসাইন আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সা’দত হুসাইন জানান, যেহেতু এ ব্যাপারে রিট দায়ের করা হয়েছে, তাই আইনজীবীরা আগামী মাসের ৩ তারিখের আগে ফল প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। পিএসসি এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই ফল প্রকাশ করা হবে।২৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নম্বরপত্র প্রদান উপলক্ষে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারের প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান বলেন, ২৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।গত ৩০ জুলাই ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্রের দুই নম্বর সেটে ইংরেজি অংশে বেশ কয়েকটি ভুল ছিল। ৫০ হাজার পরীক্ষার্থী একইভাবে ওই সেটে পরীক্ষা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশ্নপত্রের এ অসঙ্গতি তুলে ধরে ৩০তম বিসিএস প্রাথমিক বাছাই পরীক্ষা বাতিলের দাবিতে গত ৮ আগস্ট শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী রিটটি দায়ের করেন। এতে সংস্থাপন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক (পিএসসি) ও বিজি প্রেসের নিয়ন্ত্রককে বিবাদী করা হয়।সরকারপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিটের শুনানি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করতে নির্দেশ দেন। উল্লেখ্য, প্রশ্নপত্রে ভুল থাকায় ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা তিন দিনের মধ্যে বাতিলের দাবিতে গত ৫ আগস্ট পিএসসি চেয়ারম্যানসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে পরীক্ষা বাতিল না হলে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।