রিট প্রত্যাহার করলে মেডিকেলে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টে করা রিট প্রত্যাহার করলে আগের পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর তেমনটি না হলে আদালত যে রায় দেবেন, তার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের এসব কথা বলেন। মেডিকেলে ভর্তি নিয়ে চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ সকালে আলোচনায় বসেন স্বাস্থ্যমন্ত্রী। আলোচনা শেষে মন্ত্রী প্রেস বিফ্রিং করেন।গতকাল শনিবার রাতে সাংবাদিকদের ফোন করে আজকের বৈঠকের বিষয়টি জানানো হয়। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সৃষ্ট জট খুলতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই জট খোলার উদ্যোগ নেওয়া হবে।’ মন্ত্রী আভাস দেন, এ বিষয়ে আদালতে থাকা রিট প্রত্যাহার হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, ‘আদালতে বিভক্ত আদেশ দেওয়ার পর আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, পক্ষে সিদ্ধান্ত দিলেও বিপদ, বিপক্ষে দিলেও বিপদ।’ রিট প্রত্যাহার করা হলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। তবে মন্ত্রী গতকাল ও আজ বলেছেন, এটি সিদ্ধান্ত নয়, প্রস্তাব।সরকারের এ সিদ্ধান্তে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাংশ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আবার সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীদের আরেক অংশ।