রিটের চূড়ান্ত শুনানি ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আবারও পিছিয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের প্রস্তুতির জন্য সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ শুনানি মুলতবি করেন। কর্নেল তাহেরের কৌঁসুলি শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল সময় চেয়ে আবেদন করেছেন। ওই দিন শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে গত ৭ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর দুই দফায় রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করেছিলেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই সামরিক আদালতের গোপন বিচারে লে. কর্নেল তাহেরকে সাজা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই ভোরে তাহেরের ফাঁসি কার্যকর হয়। তাহেরের গোপন বিচারের বৈধতা প্রশ্নে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট হাইকোর্ট কর্নেল তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি সরবরাহ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, বিচার ও ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না—জানতে চেয়ে রুল জারি করেন। সর্বশেষ ২ ডিসেম্বর আদালত রুল শুনানির জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। সে সঙ্গে বিষয়টি শুনানির জন্য কার্য তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়।