রিটের শুনানিতে অংশ নিয়ে বক্তব্য দিলেন ইনু ও জিয়াউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক আদালতে লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি চলছে। তাহেরের সঙ্গে গোপন বিচারের মুখোমুখি মেজর (অব.) জিয়া উদ্দিন ও সাংসদ হাসানুল হক ইনু আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।গতকাল সোমবার আদালত বলেছিলেন, তাহেরের সঙ্গে গোপন বিচারের মুখোমুখি হওয়া জীবিত ব্যক্তিরা চাইলে স্বেচ্ছায় আদালতে বক্তব্য দিতে পারবেন। এ আহ্বানে সাড়া দিয়ে মেজর জিয়া ও ইনু আদালতে হাজির হয়ে সেই সময়ের সার্বিক অবস্থা ও কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করার কারণ বর্ণনা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রিট আবেদনকারীদের পক্ষে শাহদীন মালিক মামলা পরিচালনা করেন।আদালত থেকে বেরিয়ে ইনু সাংবাদিকদের বলেন, ‘ওই বিচারের মাধ্যমে আমাদের সম্মান হরণ করা হয়েছে। সে সম্মান পুনরুদ্ধার ও ওই বিচার অবৈধ প্রমাণ করতে আদালতে এসেছি।’ তিনি বলেন, জিয়া ও সায়েম ওইসব বিচারের অধিকাংশ নথি ধ্বংস করে ফেলেছেন। ফলে সেসব নথি এখন খুঁজে পাচ্ছে না সরকার।কর্নেল তাহেরকে হত্যার তিন কারণ তুলে ধরে মেজর জিয়া উদ্দিন বলেন, ‘রোমান কৃতদাসদের খাচায় বন্দী করে রোমান লর্ডরা যেভাবে বিচার করতেন, ঠিক সেভাবে আমাদের বিচার করা হয়। মুক্তিযোদ্ধাদের হত্যার মিশন নিয়ে জেনারেল জিয়া গোপন আদালতে গণবিচার করেন।’ জিয়ার মরণোত্তর বিচার দাবি করে তিনি বলেন, জাতীয় সংসদ চাইলে এ ব্যাপারে আইন করতে পারে।